ঐক্যবদ্ধ কাজ করার আহ্বান মিন্টুর
মণিরামপুর (যশোর) প্রতিনিধি
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে যশোরের মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়ন বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন বিএনপি কার্যক্রম শক্তিশালী করতে শনিবার (২০ জুন) সকালে রোহিতা বাজারের দলীয় কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু। এসময় তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি যে শহীদ জিয়া এবং বিএনপি দেশকে নতুন কিছু দেয়। নতুন ও যুগান্তকারী দীর্ঘ উন্নয়নের জন্য কাজ করে। সেজন্য আগামী দিনে বিএনপির পক্ষ থেকে যাদেরকে মনোনীত করা হবে, তাদের বিজয়ী করার জন্য সবাই মিলে কাজ করতে হবে’।
আসাদুজ্জামান মিন্টু বলেন, দল ক্ষমতায় আসলেও ষড়যন্ত্র এখনও বন্ধ হয়নি। নানা ষড়যন্ত্রের কারণে আমরা এই আসনটি হারিয়েছি। আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির ভোট বিপ্লবের মধ্য দিয়ে জানান দিতে হবে মণিরামপুর বিএনপির ঘাঁটি। তাই ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ থাকলে সকল ষড়যন্ত্র রুখে দেওয়া যাবে’।
তিনি বলেন, আসন্ন ইউপি নির্বাচনে ১৭টি ইউনিয়নেই বিএনপি যে প্রার্থী দিবে তাকে বিজয়ী করতে সকল ভেদাভেদ এখনই ভুলে যেতে হবে। দলীয় বিশৃঙ্খলাকারীদের প্রতিও হুশিয়ারি দেন তিনি। এসময় তিনি বিগত সময়ে ইউনিয়নের প্রয়াত সকল নেতাকর্মীদের আত্মার শান্তি কামনা করেন।
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, খান শফিয়ার রহমান এবং পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস।