ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের শিওরদাহ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক উন্মুক্ত গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। এলাকার মানুষের সমস্যা-সম্ভাবনা, দুঃখ-দুর্দশা দূর করা, মাদক ও সন্ত্রাস প্রতিরোধ এবং জনসেবামূলক কার্যক্রমকে আরও কার্যকর করার লক্ষ্যে এই আয়োজন করা হয়।
শনিবার (৪ জুলাই) অনুষ্ঠিত এ গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নি। অনুষ্ঠানে তিনি স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যা, অভিযোগ, চাহিদা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সেগুলোর বাস্তবসম্মত সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।
এ সময় এমপি সাবিরা সুলতানা মুন্নি এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন, জনকল্যাণমূলক কার্যক্রমের সম্প্রসারণ এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, জনগণের মতামত ও প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনা এবং জবাবদিহিমূলক, জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে গণশুনানি একটি কার্যকর মাধ্যম। জনগণের আস্থা ও অংশগ্রহণই টেকসই উন্নয়নের মূল ভিত্তি। জনগণের কথা শুনে এবং তাদের সঙ্গে নিয়েই ঝিকরগাছার সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন বলে তিনি উল্লেখ করেন।
গণশুনানিতে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সামাজিক ব্যক্তিত্ব এবং এলাকার বিপুলসংখ্যক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত সাধারণ মানুষ সরাসরি তাদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া তুলে ধরেন এবং দ্রুত সমাধানের প্রত্যাশা ব্যক্ত করেন।