মাগুরা প্রতিনিধি
জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র জাতি বরদাশত করবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মো. মোবারক হুসাইন।
শনিবার (৪ জুলাই) বিকেলে মাগুরার নোমানী ময়দানে গণমিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, জুলাই আন্দোলনে নিহতদের রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে এবং আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পাশাপাশি, ‘৩৬ জুলাই’কে চিরস্মরণীয় করে রাখতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণেরও দাবি জানান তিনি।
গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ১১ দলীয় জোটের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সমাবেশ শেষে নোমানী ময়দান থেকে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভায়না মোড়ে গিয়ে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মারুফ কারখী।
এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য আব্দুল মতিন, পৌর আমির অধ্যাপক আশরাফুল আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাগুরা জেলা সভাপতি ও শালিখা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. ইব্রাহিম বিশ্বাস, সদর উপজেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক ফারুক হুসাইন, সাবেক ছাত্রনেতা ও সম্ভাব্য মেয়র প্রার্থী মো. মাসুদুল আলম, মহম্মদপুর উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বি এম এরশাদুল্লাহ অহিদ, মাগুরা জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. জুবায়ের হোসেন এবং সদর উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আজমত হুসাইন প্রমুখ।