স্টাফ রিপোর্টার, যশোর
জুলাই গণঅভ্যুত্থানের সব হত্যাকাণ্ড এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন জেলা জামায়াতের আমির ও যশোর-৪ আসনের আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রছুল।
শনিবার (৪ জুলাই) বিকেলে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে যশোরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে অনুষ্ঠিত গণমিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
অধ্যাপক গোলাম রছুল বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জনগণের ন্যায়বিচার, গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। এই আন্দোলনের চেতনাকে বাস্তবায়ন করতে হলে জুলাইয়ে সংঘটিত সব হত্যাকাণ্ড এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হবে।’
তিনি বলেন, বিচারহীনতার সংস্কৃতি কোনো সভ্য রাষ্ট্রের জন্য কল্যাণকর নয়। আইন ও সংবিধানের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে।
শহীদ ওসমান হাদিসহ জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদের হত্যাকাণ্ডের বিচার এবং আহতদের ঘটনায় দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
এমপি গোলাম রছুল আরও বলেন, ‘গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণের যে প্রত্যাশা সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে প্রয়োজনীয় রাষ্ট্রীয় ও সাংবিধানিক সংস্কার এগিয়ে নিতে হবে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থ, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
সমাবেশে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের ন্যায়বিচার নিশ্চিত করা, মানবতাবিরোধী অপরাধের বিচার দ্রুত সম্পন্ন করা এবং ঘোষিত রাষ্ট্র সংস্কার বাস্তবায়নের দাবি জানান।
গণমিছিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। সমাবেশ শেষে একটি গণমিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মণিহার চত্বরে গিয়ে শেষ হয়।