ঝিনাইদহ প্রতিনিধি
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খান।
১৯ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে তার নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।
রাশেদ খান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলা ও সদরের আংশিক) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এর আগে তিনি গণঅধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগ দেন। তিনি গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে উপ-সচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত আদেশে বলা হয়, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, রাশেদ খানের নিয়োগ তার যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। এই নিয়োগের মেয়াদ থাকবে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টিসাপেক্ষে (যেটি আগে ঘটে) সে সময় পর্যন্ত।
সরকারি আদেশে বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ নিয়োগ প্রদান করা হয়েছে। নিয়োগের অন্যান্য শর্তাবলী সংশ্লিষ্ট চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।
রাশেদ খানের এই নিয়োগকে সরকারের রাজনৈতিক কার্যক্রম সমন্বয়, নীতি-নির্ধারণী সহায়তা এবং প্রশাসনিক কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এদিকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগের বিষয়টি নিশ্চিত হওয়ার পর রাশেদ খান দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।