চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের চৌগাছায় ট্রাকের ধাক্কায় কেষ্ট দাস (৪০) নামে এক সেলুনকর্মী নিহত হয়েছেন।
সোমবার (২০ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চৌগাছা-মহেশপুর সড়কের জিসিবি আদর্শ কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টা ৫০ মিনিটের দিকে তার মৃত্যু হয়।
নিহত কেষ্ট দাস উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বড়খানপুর গ্রামের পুলিন দাসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১০টার পর উপজেলার চাঁদপাড়া বাজারে নিজের সেলুনের দোকান বন্ধ করে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন কেষ্ট দাস। পথে চৌগাছা-মহেশপুর সড়কের জিসিবি কলেজের সামনে পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক (চুয়াডাঙ্গা-ট-১১-০৯১৬) তার বাইসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি বাইসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং বাইসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ধাক্কা দেওয়ার পর ট্রাকচালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি রাস্তার পাশে পড়ে যায়। এ সময় চালক কৌশলে পালিয়ে যান।
পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ১১টা ৫০ মিনিটের দিকে তাকে মৃত ঘোষণা করেন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।