দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, জরুরি বিভাগসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ইউনিট ঘুরে চিকিৎসাসেবার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ, পরিচ্ছন্নতা ও সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় সংসদ সদস্য বলেন, ‘দরিদ্র ও সাধারণ মানুষ যেন কোনোভাবেই চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন। সরকারি বরাদ্দকৃত ওষুধ যথাযথভাবে রোগীদের মাঝে বিতরণ করতে হবে। চিকিৎসাসেবায় কোনো ধরনের অবহেলা, দুর্নীতি বা অনিয়ম সহ্য করা হবে না।’
এমপির এই আকস্মিক পরিদর্শনকে ইতিবাচক হিসেবে দেখছেন চিকিৎসাধীন রোগী, তাদের স্বজন ও স্থানীয় বাসিন্দারা।
এদিকে, হাসপাতালের সার্বিক নিরাপত্তা বিধান এবং রোগী ও তাদের স্বজনদের সুরক্ষা নিশ্চিত করতে ১০ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের নিরাপত্তা প্রদান, অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা, চুরি রোধ এবং দালালচক্রের দৌরাত্ম্য প্রতিরোধ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আনসার সদস্যরা প্রধান ফটক, জরুরি বিভাগ, বহির্বিভাগ ও বিভিন্ন ওয়ার্ডে সার্বক্ষণিক টহল ও নজরদারি নিশ্চিত করবেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. তৌহিদুল হাসান তুহিন বলেন, ‘রোগীদের নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা প্রদানই আমাদের মূল লক্ষ্য। হাসপাতালকে দালালমুক্ত, নিরাপদ ও সেবাবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এতে সার্বিক শৃঙ্খলা বজায় থাকবে এবং রোগী ও তাদের স্বজনরা নিরাপদে সেবা নিতে পারবেন।’