নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে অভিযুক্ত রবিউল শিকদার ওরফে রবিকে (৩৫) আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আউড়িয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের এক গ্রামে পাঁচ বছর বয়সী ওই শিশুকে ধর্ষণের পর হত্যা করার অভিযোগ ওঠে একই গ্রামের বাসিন্দা রবিউল শিকদারের বিরুদ্ধে। শিশুটিকে খুঁজে না পেয়ে একপর্যায়ে রবিউলের ঘরের ভেতরে কাঁথা দিয়ে ঢাকা অবস্থায় তার নিথর দেহ দেখতে পান স্বজনরা। তাঁদের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করেছে রবিউল।
আজ মঙ্গলবার সকালে দত্তপাড়া এলাকায় অভিযুক্ত রবিউলকে দেখতে পেয়ে স্থানীয় লোকজন তাকে আটক করে গণধোলাই দেন। খবর পেয়ে নড়াইল সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।
নড়াইল সদর থানা পুলিশের ওসি অজয় কুমার কুন্ডু জানান, আটক রবিউলকে থানা হাজতে রাখা হয়েছে। এ মর্মান্তিক ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।