মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর জেনারেল হাসপাতালে রোগীর টাকা ও মোবাইল ফোন চুরির চেষ্টা করার সময় নারী চোর চক্রের ছয় সদস্যকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে তাদের মেহেরপুর সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক চেম্বারের সামনে এ ঘটনা ঘটে।
আটক নারীরা হলেন, রহিমা খাতুন (৩৫), আফরোজা খাতুন (৬০), রুমিয়ারা খাতুন (১৭), মনোয়ারা খাতুন (১৮), শিমা খাতুন (১৬) ও সনিয়া খাতুন (১৭)। তারা সবাই জামালপুর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, গাংনী উপজেলার ধলা গ্রামের বাসিন্দা রানী খাতুন তার অসুস্থ শিশুকে নিয়ে চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। শিশু বিশেষজ্ঞের চেম্বারের সামনে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় চক্রটির সদস্যরা কৌশলে তার ব্যাগ থেকে টাকা চুরি করে। এরপর মোবাইল ফোন হাতিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করেন।
রানী খাতুনের চিৎকারে হাসপাতালের নিরাপত্তাকর্মী, রোগীর স্বজন ও উপস্থিত সাধারণ মানুষ দ্রুত এগিয়ে এসে চারপাশ ঘিরে ফেলে ওই ছয় নারীকে আটক করেন। খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের নিজেদের হেফাজতে নেয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বেশ কিছুদিন ধরেই হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র চুরির অভিযোগ উঠছিল। মঙ্গলবারের এ ঘটনার পর চক্রটির সদস্যরা ধরা পড়ায় সাধারণ রোগী ও স্বজনদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
মেহেরপুর সদর থানা পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।