সুবর্ণভূমি ডেস্ক
পলায়নকালে কাস্টমস ও ইমিগ্রেশন আইন ভঙ্গের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার দুপুরে রাজধানীর সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এ সময় সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে উপদেষ্টা বলেন, ‘ভুল তথ্য, অপতথ্য ও ফেক ভিডিও ছড়িয়ে দেশের বহু নিরপরাধ ও সম্মানিত মানুষকে হেয় করা হচ্ছে। এটি রোধ করতে সরকার বদ্ধপরিকর। এ জন্য সরকার একটি আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠনের উদ্যোগ নিয়েছে।’
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রতিনিয়ত সাইবার বুলিং করা হচ্ছে। জনগণকে সুরক্ষা দেওয়া সরকারের দায়িত্ব, আর সে লক্ষ্যেই সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে। এ ক্ষেত্রে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।