লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার কুমারডাঙ্গা গ্রামের নির্মাণশ্রমিক আলিনুর ফকির হত্যা মামলার অন্যতম আসামি রহমান শেখকে (৩১) গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (২১ জুলাই) রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি-৩ (যশোর ক্যাম্প) এবং র্যাব-৬ (ভাটিয়াপাড়া ক্যাম্প)-এর একটি যৌথ দল ফরিদপুর জেলার বোয়ালমারীর হাসামদিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত রহমান শেখ লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে।
ঘটনার বিবরণে জানা যায়, আসামির ভাই রাজিব শেখ ব্যবসা করার উদ্দেশ্যে নিহত আলীনুর ফকিরের বাবা আ. হাই ফকিরের কাছ থেকে ১৮ হাজার টাকা ধার নেন। নির্ধারিত সময় পার হয়ে গেলেও পাওনা টাকা ফেরত না দিয়ে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে আলীনুরকে হত্যার পরিকল্পনা করে।
এরই ধারাবাহিকতায় গত রবিবার (১৯ জুলাই) রাত ১০টার দিকে কুমারডাঙ্গা গ্রামের প্রাইমারি স্কুলের পাশে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে এনে রাজিব শেখ ও তার সহযোগীরা ধারালো ছুরি দিয়ে আঘাত করে নির্মাণ শ্রমিক আলিনুর ফকিরকে হত্যা করে পালিয়ে যায়।
হত্যাকাণ্ডের পর নিহতের ভাই আমিনুর ফকির বাদী হয়ে সোমবার (২০ জুলাই) রাতে রাজিব শেখকে প্রধান আসামি করে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৫-৭ জনের বিরুদ্ধে লোহাগড়া থানায় মামলা (মামলা নম্বর-১৪, তারিখ: ২০/০৭/২০২৬) করেন। মামলার পর থেকেই আসামিরা আত্মগোপনে ছিল।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও লোহাগড়া থানার এসআই সন্দীপ আঢ্য জানান, গ্রেপ্তারের পর আসামিকে লোহাগড়া থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বে কোনো অপরাধের রেকর্ড আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।