মেহেরপুর প্রতিনিধি
নিয়মবহির্ভূতভাবে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ তুলে মেহেরপুর শহরের বড়বাজার তহবাজারের কাঁচাবাজার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা। সোমবার সকাল থেকে দোকানপাট বন্ধ রেখে সড়কে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান শত শত ব্যবসায়ী। এতে বাজারে আসা ক্রেতাদের পড়তে হয়েছে চরম ভোগান্তিতে।
মেহেরপুর শহরের ব্যস্ততম বড়বাজার তহবাজার। প্রতিদিন সকাল থেকেই যেখানে ক্রেতা-বিক্রেতার পদচারণায় মুখর থাকে কাঁচাবাজার, সোমবার সকাল থেকেই সেখানে দেখা যায় ভিন্ন চিত্র।
বন্ধ রয়েছে কাঁচাবাজারের শত শত দোকানপাট। দোকান না খুলে সড়কের ওপর অবস্থান নিয়ে প্রতিবাদ করছেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ীদের অভিযোগ, সরকারনির্ধারিত হারের পরিবর্তে তাদের কাছ থেকে নিয়মবহির্ভূতভাবে অতিরিক্ত খাজনা আদায় করা হচ্ছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও কার্যকর কোনো সমাধান হয়নি।
এ অবস্থায় গত শুক্রবার সাংবাদিক সম্মেলন করে রবিবার পর্যন্ত সময়সীমা বেঁধে দেন ব্যবসায়ীরা। নির্ধারিত সময়ের মধ্যে সরকারনির্ধারিত হারে খাজনা আদায় নিশ্চিত না হলে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য কাঁচাবাজার বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।
দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার বিষয়ে বক্তব্য

ঘোষণা অনুযায়ী সোমবার সকাল থেকেই তহবাজারের কাঁচাবাজারের সব দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা। পরে তারা বাজারের প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
ব্যবসায়ীদের নেতা হাফিজুর রহমানের দাবি, সরকার নির্ধারিত হারে খাজনা আদায় নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে।
এদিকে, হঠাৎ করে কাঁচাবাজার বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। প্রয়োজনীয় নিত্যপণ্য কিনতে এসে ফিরে যেতে হচ্ছে অনেককেই।