যশোর, বাংলাদেশ || সোমবার, ৫ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খুলনায় ৪৯ কোটি টাকার দরপত্র বর্জনের হুঁশিয়ারি ঠিকাদারদের

খুলনা প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ৫ অক্টোবর,২০২৬, ০৪:১০ পিএম
আপডেট : সোমবার, ৫ অক্টোবর,২০২৬, ০৫:৩১ পিএম
খুলনায় ৪৯ কোটি টাকার দরপত্র বর্জনের হুঁশিয়ারি ঠিকাদারদের

`বাজারে নির্মাণসামগ্রীর দাম আকাশছোঁয়া, অথচ সরকারি প্রাক্কলনে (এস্টিমেট) সেই পুরনো দর’- এই অসামঞ্জস্যের অভিযোগ তুলে খুলনায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রায় ৪৯ কোটি টাকার উন্নয়নকাজের দরপত্র বর্জনের হুঁশিয়ারি দিয়েছেন ঠিকাদাররা। তাদের সাফ কথা, বর্তমান দর বহাল রেখে কাজ নিলে লাভের প্রশ্নই নেই, উল্টো গুনতে হবে নিশ্চিত লোকসান। বাজারদরের সঙ্গে সমন্বয় করে প্রাক্কলন সংশোধন না করলে আগামী ৭ অক্টোবরের দরপত্রে অংশ নেবেন না তারা।

সোমবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন খুলনা জেলা এলজিইডি ঠিকাদার কল্যাণ সমিতির সদস্যসচিব শেখ বদরুদ্দোজা বাবলু।

লিখিত বক্তব্যে তিনি বলেন, দেশের উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে এলজিইডির ঠিকাদাররা সরাসরি যুক্ত। অথচ মাঝারি ধরনের ঠিকাদারদের জন্য ব্যাংক ঋণের কোনো ব্যবস্থা নেই। এর মধ্যে নির্মাণসামগ্রীর দাম অস্বাভাবিক বেড়েছে। কিন্তু সরকারি প্রাক্কলনে সেই বাস্তবতার প্রতিফলন নেই।

সমিতির তথ্য অনুযায়ী, চলতি বছর খুলনা অঞ্চলের বিভিন্ন স্থাপনা ও সড়ক সংস্কারে ৪৯ কোটি টাকা বরাদ্দ রয়েছে। এসব কাজের টেন্ডার আহ্বান করা হয়েছে আগামী ৭ অক্টোবর।

ঠিকাদারদের অভিযোগ, সরকারি প্রাক্কলনে এক ব্যারেল বিটুমিনের দাম ধরা হয়েছে সাড়ে ১৩ হাজার টাকা। ভ্যাট-ট্যাক্স বাদে ঠিকাদারের হিসাবে আসে প্রায় ১২ হাজার টাকা। অথচ ১৫০ কেজির এক ব্যারেল বিটুমিনের বর্তমান বাজারদর প্রায় ১৯ হাজার টাকা। ফলে শুরুতেই বড় ধরনের লোকসানের মুখে পড়তে হবে।

একইভাবে গত বছর টনপ্রতি পাথরের গড় দাম ছিল প্রায় চার হাজার ২০০ টাকা। বর্তমানে পরিবহন খরচ বাদেই তা চার হাজার ৭০০ টাকা। ইটের দাম গত বছর প্রতি হাজারে নয় থেকে দশ হাজার টাকা থাকলেও বর্তমানে ১২ থেকে ১৩ হাজার টাকা। কয়লার দাম টনপ্রতি ১৭ হাজার থেকে বেড়ে ২৫ হাজার টাকা হয়েছে। বালুর দামও প্রতি ঘনফুট ৬০ টাকা থেকে বেড়ে ৮০ থেকে ৮৫ টাকা হয়েছে।

ঠিকাদার সমিতির ভাষ্য, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে নির্মাণসামগ্রী ও পরিবহন ব্যয় বেড়েছে। অথচ সরকারি দর নির্ধারণে তা বিবেচনায় নেওয়া হয়নি।

শেখ বদরুদ্দোজা বাবলু বলেন, বর্তমান নির্বাচিত সরকারের সব উন্নয়নমূলক কর্মকাণ্ডকে তারা স্বাগত জানান। তবে বর্তমান প্রাক্কলনে কাজ করলে ঠিকাদারদের শতভাগ লোকসানের আশঙ্কা রয়েছে। তাই বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিটি উন্নয়নকাজের প্রাক্কলন রেট পুনর্নির্ধারণ করতে হবে। বাস্তবতার নিরিখে প্রাক্কলন সংশোধন না হলে ৭ অক্টোবরের দরপত্র বর্জন করতে বাধ্য হবেন ঠিকাদাররা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন খুলনা ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি জাহাঙ্গীর কবির বিশ্বাস, সিনিয়র সহসভাপতি আজগর আলী খান, সহসভাপতি আমির হোসেন খান, সাংগঠনিক সম্পাদক আলমগীর ফকির, কোষাধ্যক্ষ এস এম সালাউদ্দিন ও নির্বাহী সদস্য আলাউদ্দিন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)