কেশবপুর (যশোর) প্রতিনিধি
আগামী ১৪ মে সকাল ১০টায় যশোরের কেশবপুরে সরকারি খাদ্যগুদামে লটারির মাধ্যমে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে।
এ লক্ষ্যে উপজেলার কৃষকদের অনলাইনে কৃষক অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে ধান বিক্রির জন্য আবেদন করতে বলা হয়েছে।
আগামী ১৩ মে রাত ১২টা পর্যন্ত কৃষকরা ধান বিক্রির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। এরপর ১৪ মে উপজেলা ধান ক্রয় কমিটি সরাসরি লটারির মাধ্যমে কৃষক বাছাই করে তাদের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে ধান কিনবে। এ বছর এক মণ ধানের মূল্য সরকারিভাবে নির্ধারণ করা হয়েছে এক হাজার ৪৪০ টাকা।
মঙ্গলবার পর্যন্ত ৩৭৪ জন কৃষক ধান বিক্রির জন্য অনলাইনে আবেদন করেছেন বলে সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা গেছে। একজন কৃষক সর্বোচ্চ তিন মেট্রিক টন ধান বিক্রি করতে পারবেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হুমায়ুন কবির বলেন, আসছে ১৪ মে থেকে সরাসরি কৃষকদের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে এক হাজার ৩৫১ মে.টন ধান সংগ্রহ করা হবে।
উপজেলা কৃষি অফিসার আব্দুল্যাহ আল মামুন বলেন, চলতি বছর কেশবপুরে ১৩ হাজার ৫৯৫ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে।