স্টাফ রিপোর্টার
, যশোর
উৎসবমুখর পরিবেশে যশোরে পুরাতন লোহা ও মোটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ২৫১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই মার্কেট এলাকাজুড়ে ছিল উৎসবের আমেজ। প্রার্থী ও সমর্থকদের উপস্থিতিতে পুরো এলাকায় ছিল প্রাণচাঞ্চল্য। ব্যবসায়ীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
সভাপতি পদে চেয়ার প্রতীক নিয়ে মো. শহিদুল ইসলাম এবং বাইসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন মো. সাইদুর রহমান সাহিদ। ভোট গণনা শেষে বাইসাইকেল প্রতীকের প্রার্থী মো. সাইদুর রহমান সাহিদ ১৩৭ ভোট পেয়ে ৩০ ভোটের ব্যবধানে বিজয়ী হন।
সহ-সভাপতি পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ছাতা প্রতীক নিয়ে রাসেল শেখ ১০৩ ভোট এবং মো. হযরত আলী গোলাপ ফুল প্রতীক নিয়ে ৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।
সাধারণ সম্পাদক পদে দুইজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে দোয়াত-কলম নিয়ে হাসিবুল হাসান রনি ১৩৮ ভোট পেয়ে ৩৪ ভোটের ব্যবধানে জয়লাভ করেন।
সহ-সাধারণ সম্পাদক পদে দুইজন প্রতিদ্বন্দ্বির মধ্যে হাত প্রতীক নিয়ে মো. বাবুল হোসেন ১২৩ ভোট পেয়ে তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে ২৩ ভোট বেশি পেয়ে বিজয়ী হন।
সাংগঠনিক সম্পাদক পদে দুইজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে মোমবাতি প্রতীক নিয়ে মফিজুর রহমান ১৩১ ভোট পেয়ে নির্বাচিত হন।
কোষাধ্যক্ষ পদে তিনজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে ফুটবল প্রতীক নিয়ে মো. রবিউল ইসলাম ছোট্ট ৯৫ ভোট পেয়ে জয়লাভ করেছেন।
প্রচার সম্পাদক পদে দুইজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে টেলিভিশন প্রতীক নিয়ে মো. কামরুজ্জামান ১২৭ ভোট পেয়ে নির্বাচিত হন।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে ছয়জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে টিউবওয়েল প্রতীক নিয়ে মো. আরিফ শেখ ১৩৯, আম প্রতীক নিয়ে মো. সাইদুল ইসলাম বাবু ১৩৪, রিকশা প্রতীক নিয়ে মো. সোহেল ১২০ এবং কোদাল প্রতীক নিয়ে মো. আজিজুল ইসলাম ১০৮ ভোট পেয়ে বিজয়ী হন।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মাহবুবুর রহমান মজনু ও সদস্য সচিব লিয়াকত আলীর তত্ত্বাবধানে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হলে বিজয়ী প্রার্থী ও সমর্থকদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নবনির্বাচিতরা ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সমিতির ঐক্য, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং মার্কেটের সার্বিক উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।