যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২৯ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কেসিসির হাটে এবার ৬ হাজার ৮৮০টি পশু বিক্রি: রাজস্ব আদায় সোয়া ২ কোটি

খুলনা অফিস

প্রকাশ : শুক্রবার, ২৯ মে,২০২৬, ০৯:০৭ পিএম
আপডেট : শুক্রবার, ২৯ মে,২০২৬, ০৯:১৫ পিএম
কেসিসির হাটে এবার ৬ হাজার ৮৮০টি পশু বিক্রি: রাজস্ব আদায় সোয়া ২ কোটি

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) পরিচালনায় নগরীর জোড়াগেট পশুর হাটে এবার রেকর্ড সংখ্যক কোরবানির পশু বিক্রি হয়েছে। হাটে স্থাপিত কেসিসির নিয়ন্ত্রণ কক্ষের চূড়ান্ত হিসাব অনুযায়ী, এবারের হাটে মোট ৬ হাজার ৮৮০টি পশু বিক্রি হয়েছে। যা থেকে কেসিসির হাসিল (খাজনা) বাবদ মোট ২ কোটি ১৫ লাখ ৪৪ হাজার ২৩২ টাকার রাজস্ব আদায় হয়েছে।


নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, এবারের হাটে বিক্রি হওয়া মোট পশুর মধ্যে গরুর সংখ্যা ছিল ৪ হাজার ৪৩৩টি, ছাগল ২ হাজার ২৭০টি, ভেড়া ১৭৬টি এবং মহিষ বিক্রি হয়েছে ১টি। চলতি বছর হাটে ৪ শতাংশ হাসিল নির্ধারণ করা হয়েছিল, যা থেকে কেসিসির তহবিলে এই সোয়া ২ কোটি টাকার রাজস্ব জমা হয়।


তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, বিগত বছরগুলোর তুলনায় এবার পশু বিক্রির সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। তবে হাসিলের হার পুনর্নির্ধারণের কারণে রাজস্বের পরিমাণে কিছুটা তারতম্য দেখা গেছে। চলতি বছর রেকর্ড ৬ হাজার ৮৮০টি পশু বিক্রি হলেও এর আগের বছর হাটে বিক্রি হয়েছিল মোট ৬ হাজার ৬৫১টি পশু (যার মধ্যে ছিল ৪ হাজার ৩৮৩টি গরু, ২ হাজার ১৬২টি ছাগল, ১০৩টি ভেড়া এবং ৩টি মহিষ)। ওই বছর কেসিসির রাজস্ব আদায় হয়েছিল ২ কোটি ৭ লাখ ৯ হাজার ৬০২ টাকা। কেসিসির হাট পরিচালনা কমিটির পক্ষ থেকে এই চূড়ান্ত পরিসংখ্যান নিশ্চিত করা হয়েছে।


প্রসঙ্গতি, গত ২১ মে জোড়াগেট পশুর হাট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। ২০০৯ সাল থেকে প্রতিবছর নিজস্ব ব্যবস্থাপনায় খুলনা সিটি কর্পোরেশন ঈদের আগের সপ্তাহজুড়ে এই ঐতিহ্যবাহী জোড়াগেট পশুর হাটের আয়োজন করে আসছে।

হাট পরিচালনা কমিটি জানায়, দূর-দূরান্ত থেকে আসা ক্রেতা-বিক্রেতাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ক্যাশলেস বা ডিজিটাল লেনদেনের সুবিধার্থে হাটটিতে এবারও কঠোর প্রশাসনিক নজরদারির ব্যবস্থা ছিল।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)