চুয়াডাঙ্গা প্রতিনিধি
উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকা, অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি সামগ্রী তৈরি এবং খাদ্যে শিল্পে ব্যবহৃত লবণ ব্যবহারের অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মেসার্স টি জে ফুড প্রোডাক্টসকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২ জুন) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ বাজার এলাকায় এই তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে তারিকুল ইসলামের মালিকানাধীন প্রতিষ্ঠান মেসার্স টি জে ফুড প্রোডাক্টসে তিনটি প্রধান অপরাধ পাওয়া যায়।

এগুলো হলো উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখসহ অন্যান্য তথ্য না থাকা, আয়োডিনবিহীন শিল্পে ব্যবহৃত ক্ষতিকর লবণ ব্যবহার এবং চরম অপরিচ্ছন্ন জায়গায় বেকারি সামগ্রী তৈরি ও সংরক্ষণ করা। এই অপরাধে প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়। সেই সাথে ত্রুটিগুলো দ্রুত সমাধান করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
অভিযান চলাকালীন মুন্সিগঞ্জ বাজারের অন্যান্য ব্যবসায়ীদের মাঝেও সচেতনতামূলক কার্যক্রম চালানো হয়। বাজারে মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয় করা এবং মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য বা শিশু খাদ্য বিক্রয় না করার জন্য ব্যবসায়ীদের স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়।
ভোক্তা-অধিকার রক্ষা ও জনস্বার্থে পরিচালিত এই অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা আনসার ব্যাটালিয়নের একটি চৌকস টিম।