যশোর, বাংলাদেশ || সোমবার, ৮ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কুষ্টিয়ায় বিড়িশ্রমিকদের সড়ক অবরোধ

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ৭ জুন,২০২৬, ০৯:৫৫ পিএম
আপডেট : রবিবার, ৭ জুন,২০২৬, ১০:২১ পিএম
কুষ্টিয়ায় বিড়িশ্রমিকদের সড়ক অবরোধ

মজুরি বাড়ানোর দাবিতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় সড়ক অবরোধ ও টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন বিড়িশ্রমিকেরা। এতে কুষ্টিয়া-প্রাগপুর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

রবিবার (৭ জুন) দুপুরে উপজেলার হোসেনাবাদ সেন্টারপাড়া এলাকায় আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেডের শ্রমিকেরা এই কর্মসূচি পালন করেন।

শ্রমিকদের দাবি, বর্তমানে প্রতি হাজার বিড়ি তৈরির জন্য তারা ৬১ টাকা মজুরি পান। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় তারা মজুরি ২০ টাকা বাড়িয়ে ৮১ টাকা নির্ধারণের দাবি জানিয়েছেন। তবে ফ্যাক্টরি কর্তৃপক্ষ এই দাবিতে সাড়া না দেওয়ায় তারা আন্দোলনে নামেন।

শ্রমিকনেতা রফিকুল ইসলাম ও টিপু জানান, সকাল থেকে মজুরি বৃদ্ধির বিষয়ে ফ্যাক্টরি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চললেও কোনো সমাধান হয়নি। পরে শ্রমিকেরা সড়ক অবরোধের সিদ্ধান্ত নেন।

তাদের ভাষ্য, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির কারণে বর্তমান মজুরিতে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। তাই বাধ্য হয়ে তারা আন্দোলনে নেমেছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়ক অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। অনেক যাত্রীকে প্রায় এক কিলোমিটার পথ হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়। দুপুরের প্রচণ্ড গরমে সাধারণ মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, মজুরি-সংক্রান্ত বিষয়ে শ্রমিকদের সঙ্গে ফ্যাক্টরি কর্তৃপক্ষের মতবিরোধ হয়েছে। এ কারণে তারা সড়কে অবস্থান নিয়েছেন। পরে পরিস্থিতি স্বাভাবিক করে ‍পুলিশ। 

এদিকে বিষয়টি নিয়ে ফ্যাক্টরি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। পরে বেলা ২টার দিকে পুলিশের হস্তক্ষেপে শ্রমিকেরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)