পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে খুলনার পাইকগাছায় ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন হয়েছে।
এ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।
শুক্রবার সকালে পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির, সরল কালীবাড়ি প্রাঙ্গণে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক শ্রী প্রাণকৃষ্ণ দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী। তিনি বলেন, বিএনপি সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় অধিকার সুরক্ষায় বিশ্বাসী। অতীতের মতো বর্তমানেও বিএনপি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে নিয়ে কাজ করছে এবং ভবিষ্যতেও কাজ করে যাবে।
বাপ্পী বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষ ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করে দেশ স্বাধীন করেছে। দেশকে এগিয়ে নিতে হলে সব সম্প্রদায়ের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তাই পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে দেশের কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠান উদ্বোধন করেন সংগঠনের খুলনা জেলার যুগ্ম সাধারণ সম্পাদক সাধন কুমার ভদ্র।
উপস্থিত ছিলেন ডা. মো. আব্দুল মজিদ, থানার ওসি শেখ আব্দুল আউয়াল কবির, সংগঠনের সাবেক সভাপতি সমীরণ কুমার সাধু, অলোক মজুমদার, হিমাদ্রী শেখর দে, সন্তোষ সরদার, আশরাফুল আলম নান্নু, এসএম এনামুল হক, আসলাম পারভেজ, ইমদাদুল হক, কামাল আহমেদ সেলিম নেওয়াজ, অ্যাডভোকেট আব্দুস সত্তার, তুষারকান্তি মণ্ডল, মৃত্যুঞ্জয় সরদার, জগদীশ দে, কৃষ্ণেন্দু দত্ত, মানবেন্দ্র মণ্ডল, সুরঞ্জন চক্রবর্তী, রবীন্দ্রনাথ রায়, সন্তোষ কুমার সরকার, সুজিত কুমার মণ্ডল, বাবুরাম মণ্ডল প্রমুখ।
শুরুতে রমা পাল পবিত্র গীতা পাঠ করেন।
আলোচনা শেষে পাইকগাছা সদরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।