স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরের প্রগতি আদর্শ মাদ্রাসায় পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় মাদরাসা ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার প্রিন্সিপাল মুন্সি নাজমুল। প্রধান অতিথি ছিলেন মজলিসুল মুফাসসিরিন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাসান আল মামুন লাল।
বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার সম্পাদক আলমগীর হোসেন, নির্বাহী সদস্য মাহফুজুর রহমান, ব্যবসায়ী ও সমাজসেবক রাজু আহমেদ এবং অভিভাবক সদস্য নাজিম উদ্দিন।
অনুষ্ঠানে প্লে শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত বিভিন্ন বিষয়ের প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে হাসান আল মামুন লাল শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর জীবন ও আদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধসম্পন্ন ও আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
বিশেষ অতিথি আলমগীর হোসেন শিক্ষার্থীদের ভবিষ্যতে মানবসেবায় নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে মুন্সি নাজমুল শিক্ষার্থীদের সত্য কথা বলা, বড়দের সম্মান করা এবং ছোটদের স্নেহ করার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।