অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলার সকল পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আবীর আনসারী ও অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান।
সভায় রাজনৈতিক নেতাদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মতিয়ার রহমান ফারাজী, সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির সরদার শরীফ হোসেন, সাধারণ সম্পাদক মহিউল ইসলাম, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল ও সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা।
এছাড়া আরও বক্তব্য রাখেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শেখর কুমার সাহা ও সাধারণ সম্পাদক শঙ্কর সিংহসহ প্রমুখ।
সভায় বক্তারা আসন্ন উৎসব নির্বিঘ্ন ও সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সম্পন্ন করতে প্রশাসনের পাশাপাশি সকল মহলকে সতর্ক থাকার আহ্বান জানান।