মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রুবেল (৩১) নামে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
আহত রুবেল মহেশপুর উপজেলার শ্যামকুর মাঠপাড়া গ্রামের মজিবুল খানের ছেলে।
স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে কয়েকজন বাংলাদেশি যুবক ভারতে গরু আনতে যাচ্ছিলেন। তারা উপজেলার শ্যামকুর লড়াইনঘাট সীমান্তের ৬০/১৫০ আর পিলারের কাছ দিয়ে ভারতের অভ্যন্তরে ঢোকার চেষ্টা করলে ভারতের মাহিন্দ্র ক্যাম্পের বিএসএফ টহলদল তাদের লক্ষ্য করে রবার বুলেট ছোড়ে। এতে রুবেল গুরুতর আহত হন।
ঘটনার পর সহযোগীরা তাকে উদ্ধার করে প্রথমে জীবননগর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখান থেকেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় রাতেই তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তার সঙ্গে হাসপাতালে স্ত্রী ও মা রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জামিরুল ইসলাম বলেন, ‘শ্যামকুড় মাঠপাড়া গ্রামের রুবেল নামে এক যুবক সীমান্তে গুলিবিদ্ধ হয়েছেন বলে শুনেছি।’
বিষয়টি নিশ্চিত করে ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুল রহমান জানান, সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হওয়ার খবর পাওয়া গেছে।