সুবর্ণভূমি ডেস্ক
সংগৃহীত—
ছবি:
দৈনিক আমার দেশ পত্রিকা প্রকাশ্যে ছিঁড়ে ফেলার ঘটনায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁনকে অবিলম্বে দায়িত্ব থেকে অপসারণের দাবি জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।
ঘটনাটিকে তিনি ‘গণমাধ্যমের স্বাধীনতা ও ভিন্নমত প্রকাশের অধিকারের প্রতি চরম অবজ্ঞা এবং সরকারের সমালোচনামূলক সংবাদ প্রকাশের বিরুদ্ধে ক্ষুব্ধ মানসিকতার বহিঃপ্রকাশ’ বলে মন্তব্য করেছেন।
রোববার এক বিবৃতিতে ডা. ইরান বলেন, রাশেদ খাঁনের আমার দেশ পত্রিকা ছিঁড়ে ফেলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। দেশজুড়ে ক্ষমতাসীন দলের এমপি-মন্ত্রী ও নেতাকর্মীদের দখলবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি ও লুটপাটের অভিযোগে সংবাদ প্রকাশের বিরুদ্ধে গণমাধ্যমের ওপর নগ্ন আক্রোশের বহিঃপ্রকাশ এটি। এ ঘটনার রাজনৈতিক দায় প্রধানমন্ত্রী এড়াতে পারেন না বলেও তিনি মন্তব্য করেন।
তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর প্রশ্রয়ে রাশেদ খাঁন বারবার অযাচিত বক্তব্য ও বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন। সংশ্লিষ্টদের নিয়ন্ত্রণ ও জবাবদিহি নিশ্চিত না করে তাদের কর্মকাণ্ড চলতে দিলে তা গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও স্বাধীন সাংবাদিকতার জন্য বিপজ্জনক দৃষ্টান্ত তৈরি করে।
লেবার পার্টির চেয়ারম্যান বলেন, ‘দৈনিক আমার দেশ’ নিছক একটি সংবাদপত্র নয়। আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশপ্রেমিক, মজলুম ও স্বাধীনতাকামী মানুষের কণ্ঠস্বর হিসেবে পত্রিকাটির স্বতন্ত্র পরিচিতি রয়েছে। কোনো সংবাদপত্রের বক্তব্যে দ্বিমত থাকলে তার জবাব দিতে হবে যুক্তি, তথ্য ও প্রমাণ দিয়ে, পত্রিকা ছিঁড়ে নয়।
তিনি আরও বলেন, রাশেদ খাঁনকে অবিলম্বে অপসারণ করে প্রধানমন্ত্রীকে প্রমাণ করতে হবে যে তিনি চাটুকার, তেলবাজ ও গণমাধ্যমের স্বাধীনতাবিরোধীদের আশ্রয়-প্রশ্রয়দাতা নন; বরং স্বাধীন সাংবাদিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী।