সুবর্ণভূমি ডেস্ক
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতীর সরাতৈল এলাকায় রডবোঝাই ট্রাক উল্টে খাদে পড়ে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৯ জন। আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে যমুনা সেতু সংযোগ সড়কে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে, হতাহতদের বাড়ি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব বিষয়টি নিশ্চিত করে জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি রডবোঝাই ট্রাক যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। ট্রাকটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতু সংযোগ সড়কের কালিহাতীর সরাতৈল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান।
এতে ট্রাকটি মহাসড়কের পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই ১৫ জন যাত্রী নিহত হন। আহতদের উদ্ধার করে দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

টাঙ্গাইলের এলেঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতোয়ার রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। ঘটনাস্থল থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহত অবস্থায় ৯ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে জানিয়েছিল নিহতদের সবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, তবে পরিচয় শনাক্তের পর জানা গেছে তাদের বাড়ি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। নিহত ১৫ জনের মধ্যে ইতোমধ্যে ৬ জনের পরিচয় শনাক্ত করা গেছে।
তারা হলেন, নওগাঁর মান্দা উপজেলার সাকিম মিয়ার ছেলে মো. সাগর মিয়া (২০), একই এলাকার শহিদুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২৫), রাজশাহীর তানোর উপজেলার আলতাফ হোসেনের ছেলে ইসমাইল হোসেন (১৯), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নজরুল (৬০), চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মামুন (৪৫) ও নওগাঁর নিয়ামতপুর উপজেলার সাইদুলের ছেলে সারিকুল (২৫)। বাকিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।