সাতক্ষীরা প্রতিনিধি
'সরকারি সেবায় প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি ও অভিগম্যতা' নিশ্চিত করতে আন্তঃমন্ত্রণালয়ের সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে। পাবলিক সার্ভিস দিবস উদযাপন উপলক্ষে রবিবার (২৮ জুন ) ঢাকার বাংলা একাডেমি মিলনায়তনে আয়োজিত দিনব্যাপী এক সম্মিলনে এই আহ্বান জানানো হয়।
ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় 'এক্সপ্যান্ডিং সিভিক স্পেস থ্রু অ্যাক্টিভ সিএসও পার্টিসিপেশন অ্যান্ড স্ট্রেনদেনড গভর্নেন্স সিস্টেম ইন বাংলাদেশ (ইসিএসএপি)' প্রকল্পের আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্মেলনে দেশের ১০টি জেলার ৩৩টি স্থানীয় নাগরিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন, যারা প্রান্তিক নারী, লিঙ্গীয় বৈচিত্র্যের মানুষ, প্রতিবন্ধী ব্যক্তি, আদিবাসী ও দলিত জনগোষ্ঠীর অধিকার রক্ষায় কাজ করছেন।
অনুষ্ঠানের প্রথমার্ধে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক মঞ্জুরুল হোসেন। তিনি বলেন, "প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও সরকারি সেবা প্রাপ্তি নিশ্চিত করতে আন্তঃমন্ত্রণালয়ের সমন্বয় অপরিহার্য। রাষ্ট্র সবসময়ই এই প্রান্তিক মানুষের পাশে রয়েছে, তবে সেবার মান ও প্রাপ্যতা সহজতর করতে আমাদের সমন্বিতভাবে কাজ করতে হবে।"
মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালক বনশ্রী মিত্র নিয়োগীর স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে শুরু হওয়া এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধি হিসেবে দিপ্তী পাহান এবং শেফালী বৈরাগী তাদের জীবনমান উন্নয়নের অভিজ্ঞতা ও দাবি তুলে ধরেন।
দ্বিতীয়ার্ধের আলোচনায় অংশগ্রহণ করেন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) তরিকুল আলম, সমাজসেবা অধিদপ্তরের পরিচালক সাজ্জাদুল ইসলাম, চ্যানেল আইয়ের সিনিয়র সম্পাদক মীর মাশরুর জামান এবং ভিক্টিম সাপোর্ট সেন্টারের সহকারী কমিশনার মনোয়ারা আক্তার রিফাত।
এ সময় লিঙ্গীয় বৈচিত্র্য ও দলিত জনগোষ্ঠীর প্রতিনিধিরা তাদের নিত্যদিনের চ্যালেঞ্জগুলো সরকারি কর্মকর্তাদের সামনে উপস্থাপন করেন।
সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি হিসেবে এই আয়োজনে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার বিষয়ক ফেলোশিপ সম্পন্নকারী স্থানীয় ও জাতীয় পর্যায়ের ১৬ জন সাংবাদিককে সনদ ও স্মারক প্রদান করা হয়। এর মধ্যে সাংবাদিকতায় অবদান রাখায় বাংলা ট্রিবিউনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি আসাদুজ্জামান সরদার ও দৈনিক গ্রামের কাগজের সোশ্যাল মিডিয়া এডিটর স্বপ্না দেবনাথকে বিশেষ সম্মাননা জানানো হয়।
সম্মিলনটির আয়োজক হিসেবে ছিল ক্রিশ্চিয়ান এইড, মানুষের জন্য ফাউন্ডেশন ও আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট। অনুষ্ঠানে প্রান্তিক জনগোষ্ঠীর নিজস্ব ঐতিহ্য ও অধিকার বিষয়ক একটি সাংস্কৃতিক পর্বও পরিবেশিত হয়।
অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন শেখ গিয়াস উদ্দিন, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার, মানুষের জন্য ফাউন্ডেশন।
উল্লেখ্য, প্রকল্পের মূল লক্ষ্য হলো প্রান্তিক নারী, লিঙ্গীয় বৈচিত্র্যের মানুষ, প্রতিবন্ধী, আদিবাসী ও দলিত জনগোষ্ঠীর অধিকার নিশ্চিতকরণ, সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় নাগরিক সমাজের অংশগ্রহণ বৃদ্ধি করা।