যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২৬ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সুন্দরবনে কোস্টগার্ড-দস্যু বন্দুকযুদ্ধে একজন নিহত, আটক ২

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ২৬ জুন,২০২৬, ০৩:১৯ পিএম
আপডেট : শুক্রবার, ২৬ জুন,২০২৬, ০৪:০২ পিএম
সুন্দরবনে কোস্টগার্ড-দস্যু বন্দুকযুদ্ধে একজন নিহত, আটক ২

খুলনার কয়রা উপজেলার সুন্দরবনে বনদস্যু ‘দুলাভাই বাহিনী’র সঙ্গে কোস্টগার্ডের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৫ জুন) গভীর রাতে বনবিভাগের কয়রা টহল ফাঁড়ির আওতাধীন ময়দাফেসা খাল এলাকায় এই গোলাগুলি হয়। এতে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। তবে নিহত ব্যক্তি সাধারণ জেলে নাকি বনদস্যু, তা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

একই ঘটনায় ‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলামকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করেছে কোস্টগার্ড। এছাড়া স্থানীয় জনতা গুলিবিদ্ধ অবস্থায় আরও এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তার পরিচয় এবং দুলাভাই বাহিনীর সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোলাগুলির পর সুন্দরবনের ময়দাফেসা খাল এলাকা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নাম সাকাত সরদার (৩৫) বলে জানা গেলেও তিনি জেলে নাকি বনদস্যু ছিলেন, সে বিষয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। সাকাত সরদার মহেশ্বরীপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের ইজহার সরদারের ছেলে। তিনি ছয় নম্বর ওয়ার্ডের তেঁতুলতলা গুচ্ছগ্রামে বসবাস করেন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা নথি অনুযায়ী, শুক্রবার সকাল ৯টা ৫৫ মিনিটে গুলিবিদ্ধ রবিউল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়। তার হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুলির আঘাত ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আবার কোস্টগার্ডের হেফাজতে নেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, আটক রবিউল ইসলামই বনদস্যু ‘দুলাভাই বাহিনী’র প্রধান। একসময় সুন্দরবনে ত্রাস সৃষ্টি করা ‘ইলিয়াস বাহিনী’র প্রধান ইলিয়াস নিহত হওয়ার পর, ২০২৪ সালে তার বোনের স্বামী রবিউল ইসলাম নতুন একটি বাহিনী গড়ে তোলেন। এরপর থেকেই এলাকা জুড়ে দলটি ‘দুলাভাই বাহিনী’ নামে পরিচিতি লাভ করে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।

এদিকে, শুক্রবার দুপুর আনুমানিক ১২টার দিকে মহেশ্বরীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিজয় বাবুর বাড়ির সামনের নদী থেকে গুলিবিদ্ধ অবস্থায় আরও এক ব্যক্তিকে স্থানীয় জনতা আটক করে। পরে তাকে মঠবাড়ি পুলিশ ক্যাম্পের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। ওই ব্যক্তি দুলাভাই বাহিনীর সদস্য কি না, তা এখনও নিশ্চিত করেনি পুলিশ বা কোস্টগার্ড।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, ‘সুন্দরবনের ভেতরে গোলাগুলির ঘটনা এবং একজন নিহত হওয়ার খবর আমরা পেয়েছি। তবে অভিযানটি কোস্টগার্ড পরিচালনা করায় এ বিষয়ে বিস্তারিত তথ্য আমাদের কাছে নেই। আটক ব্যক্তির পরিচয় যাচাইয়ের কাজ চলছে।’

সুন্দরবনের খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক শরিফুল ইসলাম বলেন, ঘটনাটি সম্পর্কে বন বিভাগ অবগত রয়েছে। তবে অভিযানটি কোস্টগার্ড পরিচালনা করায় এ বিষয়ে বিস্তারিত তথ্য তারাই জানাতে পারবে।

এ বিষয়ে কোস্টগার্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কুখ্যাত দুলাভাই বাহিনীর বিরুদ্ধে পরিচালিত অভিযান এখনও চলমান রয়েছে। অভিযানে বাহিনীর প্রধান রবিউল ইসলামকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে। অভিযান শেষে বিস্তারিত তথ্য সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। নিহত ব্যক্তি এবং স্থানীয় জনতার হাতে আটক অপর ব্যক্তির পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে বলেও জানান তারা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন