ঝিনাইদহ প্রতিনিধি
বিশ্বের ৪৮টি দেশের সাথে সাংস্কৃতিক কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে এবং সংস্কৃতিকে নতুন মাত্রায় এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।
শুক্রবার (২৬ জুন) সকালে ঝিনাইদহের জেলা প্রশাসক ও জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, জেলার শিল্পকলা একাডেমিতে নতুন করে সুস্থ ধারার যাত্রা উৎসব শুরু হবে। বিগত দিনের অশ্লীল যাত্রা বাদ দিয়ে আমরা জীবনমুখী যাত্রা শুরু করতে যাচ্ছি। তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার ব্যর্থ হতে আসেনি। ব্যর্থতার সকল জায়গা চিহ্নিত করে এবং জঞ্জাল পরিষ্কার করে নতুন বাংলাদেশ গঠন করা হবে। বিগত ১৮ বছরে দেশের শিক্ষা, সংস্কৃতি, আইন ও আর্থিক প্রতিষ্ঠানসহ সকল প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছিল। সেগুলো নতুন করে জাগানোর চেষ্টা করা হচ্ছে এবং বর্তমান সরকার সেই জায়গাগুলোতেই কাজ করছে।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সাংস্কৃতিক কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন তিনি। মতবিনিময় শেষে বিকেল ৩টার দিকে ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে 'জেলা পরিষদ প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট' উদ্বোধন করেন মন্ত্রী।
বৃক্ষরোপণ ও উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ নোমান হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান এম এ মজিদ, পুলিশ সুপার আশিস বিন হাসান এবং জেলা কালচারাল অফিসার জসীম উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ।