স্টাফ রিপোর্টার
, যশোর
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে যুবদলের নেতাকর্মীরা।
বুধবার বিকেলে শহরের কেন্দ্রীয় ঈদগাহ মোড়ে জেলা যুবদলের আয়োজনে বিক্ষোভ সমাবেশ করা হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ সভাপতি রেজাউল কবীর পল। তিনি বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদের উত্থান আর সম্ভব নয়। জনগণের সিদ্ধান্তেই আওয়ামী নিষিদ্ধ। দীর্ঘদিন ক্ষমতায় থেকে আওয়ামী লীগ হাজার হাজার বেনজীর তৈরি করেছে। তারা একদিকে দেশে দুঃশাসন চালিয়েছে; অন্যদিকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। এখন বিদেশে বসে দলের নিরীহ কর্মীদের উসকানি দিচ্ছে। কিন্তু সেই 'ফ্যাসিবাদের' পুনরুত্থানের সুযোগ আর নেই। তাদের যেকোনো ইঙ্গিত বা অশুভ তৎপরতা দেশবাসী প্রতিহত করবে।
তিনি আরও বলেন, বিভিন্ন সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিলের মাধ্যমে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা করছে। ভবিষ্যতে এ ধরনের কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি জাহাঙ্গীর আলম দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, আবু আতিক আল হাসান মিন্টু, শফিকুল ইসলাম শফিক, জেলা কমিটির আনসারুল হক রানা প্রমুখ।
সমাবেশ শেষে তারা শহরের বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের মুজিব সড়ক প্রদক্ষিণ শেষে রেলগেট এলাকায় গিয়ে শেষ হয়।