সুবর্ণভূমি ডেস্ক
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ। বুধবার (২৪ জুন) চীনের স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনের সাইডলাইনে এই দ্বিপাক্ষিক সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজাখস্তানের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় দুই দেশের প্রধানমন্ত্রী ঢাকা ও আস্তানায় স্থায়ী কূটনৈতিক মিশন (দূতাবাস) স্থাপনের বিষয়ে একমত পোষণ করেন।
এ ছাড়া দুই দেশের মধ্যে রাজনৈতিক, ব্যবসায়িক এবং জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়া উচিত বলে মত দেন উভয় নেতা।
কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ উভয় দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে বৃহত্তর সম্পৃক্ততার সম্ভাবনাকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেন। বৈঠকে বাংলাদেশ থেকে কাজাখস্তানে দক্ষ জনশক্তি পাঠানো, নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অবকাঠামো, প্রযুক্তি, কৃষি ব্যবসা এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে দুই দেশের বাণিজ্য সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
এর পাশাপাশি, পানি কূটনীতি নিয়ে জাতিসংঘের অধীনে একটি বিশেষায়িত সংস্থা প্রতিষ্ঠায় কাজাখস্তানের প্রস্তাবে বাংলাদেশের সমর্থন প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ। প্রধানমন্ত্রী তারেক রহমান এই প্রস্তাবে বাংলাদেশের পূর্ণ সমর্থন রয়েছে বলে আশ্বস্ত করেন।
গুরুত্বপূর্ণ এই দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।