ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
বৃষ্টি উপেক্ষা করে হাজারো দর্শকের উচ্ছ্বাসে যশোরের ঝিকরগাছায় পর্দা উঠেছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের।
উদ্বোধনী ম্যাচে নির্ধারিত সময়ে গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে ঝিকরগাছা পৌরসভা একাদশকে ৪-২ গোলে হারিয়ে শুভসূচনা করেছে বাঁকড়া ইউনিয়ন একাদশ।
শুক্রবার বিকেলে ঝিকরগাছা বিএম হাই স্কুল মাঠে উপজেলা স্পোর্টস ক্লাবের আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
বেলুন উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নী এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধূলা তরুণদের সুস্থ, সুশৃঙ্খল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলে। মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধূলার বিকল্প নেই।
অন্যদের মধ্যে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, উপজেলা স্পোর্টস ক্লাবের সভাপতি আরাফাত কল্লোল প্রমুখ বক্তৃতা করেন।
জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।
টানা বৃষ্টিও ফুটবলপ্রেমীদের মাঠমুখী হওয়া থেকে বিরত রাখতে পারেনি। খেলা শুরুর অনেক আগেই বিএম হাই স্কুল মাঠ দর্শকে কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। রক্ষণ ও আক্রমণে পাল্টাপাল্টি লড়াইয়ে একাধিক গোলের সুযোগ তৈরি হলেও কোনো দলই জালের দেখা পায়নি। ফলে, নির্ধারিত সময় গোলশূন্যভাবে শেষ হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে স্নায়ুচাপের লড়াইয়ে ৪-২ গোলে জয় তুলে নেয় বাঁকড়া ইউনিয়ন একাদশ।
আয়োজকরা জানান, এবারের টুর্নামেন্টে ঝিকরগাছা পৌরসভা একাদশ এবং উপজেলার ১১টি ইউনিয়ন একাদশসহ মোট ১২টি দল অংশ নিয়েছে।