মাগুরা প্রতিনিধি
মাগুরায় তৃতীয় টিএলএ টেনিস প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের সঙ্গে অতিথিরা।
ছবি:
জমজমাট লড়াই ও দর্শকদের উচ্ছ্বাসের মধ্য দিয়ে মাগুরায় শেষ হয়েছে তিন দিনব্যাপী তৃতীয় টেনিস লাভার্স অ্যাসোসিয়েশন (টিএলএ) টেনিস প্রতিযোগিতা। প্রতিযোগিতার শেষ দিনে অনূর্ধ্ব-৪৫ ও ৪৫ ঊর্ধ্ব, দুই বিভাগেই শিরোপা জিতেছে খুলনা ও ঢাকা জেলা দলের দুই জুটি।
রোববার (৬ সেপ্টেম্বর) প্রতিযোগিতার শেষ দিনে দুই বিভাগের সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হয়। ৪৫ ঊর্ধ্ব বিভাগের ফাইনালে ঢাকা জেলা দলের মাজেদ-রাজা জুটি ৮-৬ ব্যবধানে গোপালগঞ্জের হামিম-সাধন জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
অন্যদিকে, অনূর্ধ্ব-৪৫ বিভাগের ফাইনালে খুলনা জেলা দলের রাকিব-আলাউদ্দিন জুটি ৮-২ ব্যবধানে নাটোরের সুমন-কমল জুটিকে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জেতে।
এর মধ্য দিয়ে টিএলএর আগের আসরের ফাইনালেরও পুনরাবৃত্তি হলো। সেবারও অনূর্ধ্ব-৪৫ বিভাগের ফাইনালে মুখোমুখি হয়েছিল রাকিব-আলাউদ্দিন ও সুমন-কমল জুটি। নাটোরের জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল খুলনার রাকিব-আলাউদ্দিন।
টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের পর রাকিব বলেন, ‘মাগুরা ইতোমধ্যে টেনিসের রাজ্য হিসেবে পরিণত হয়েছে। একটি জেলা শহরে এত সুন্দর টেনিস অবকাঠামো সত্যিই প্রশংসনীয়। আমরা খেলোয়াড়েরা মাগুরায় আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি। মাগুরা আমার জন্য লাকি ভেন্যু।’
৪৫ ঊর্ধ্ব বিভাগের চ্যাম্পিয়ন রাজা বলেন, তিনি ঢাকা জেলা দলের হয়ে খেললেও তার বাড়ি মাগুরায়। ফাইনাল দেখতে পরিবারের সদস্যরা গ্যালারিতে উপস্থিত ছিলেন। নিজ জেলায় শিরোপা জয় তার জন্য সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে বলেও জানান তিনি।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মাগুরার জেলা প্রশাসক ও জেলা টেনিস ক্লাবের সভাপতি মোতাকাব্বির আহমেদ।
অনুষ্ঠানে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব আলী আহমেদ, সাবেক ক্রীড়াবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব আহসান হাবীব কিশোর, ব্যবসায়ী ও সমাজসেবক খান আবুল হোসেন এবং মাগুরা প্রেসক্লাবের সভাপতি ও জেলা টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক সাইদুর রহমান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের। সঞ্চালনা করেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও টেনিস খেলোয়াড় শফিকুল ইসলাম শফিক এবং জেলা দলের খেলোয়াড় কাঞ্চন কুন্ডু।
টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনের দেশব্যাপী তিনটি প্রতিযোগিতার মধ্যে এবারসহ দুবার ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে মাগুরাকে। দেশের বিভিন্ন জেলা থেকে আসা খেলোয়াড়, সংগঠক ও ক্রীড়ানুরাগীদের অংশগ্রহণে প্রতিযোগিতাকে ঘিরে মাগুরায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
বাংলাদেশের একমাত্র টেনিস ইনডোর গ্রাউন্ড মাগুরায় থাকায় এখানে প্রতিযোগিতা আয়োজনের প্রতি খেলোয়াড় ও আয়োজকদের বিশেষ আগ্রহ রয়েছে। এরই ধারাবাহিকতায় টিএলএর তৃতীয় আসরের ভেন্যু হিসেবেও মাগুরাকে বেছে নেওয়া হয়।
টুর্নামেন্টের সার্বিক আয়োজনে ছিল টেনিস লাভার্স অ্যাসোসিয়েশন। জেলা প্রশাসনের তত্ত্বাবধান ও পৃষ্ঠপোষকতায় এবং জেলা টেনিস ক্লাবের পরিচালনা ও ব্যবস্থাপনায় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। মিডিয়া পার্টনার ছিল মাগুরা প্রেসক্লাব।
এবারের আসরে স্বাগতিক মাগুরার সর্বোচ্চ সাফল্য এসেছে ৪৫ ঊর্ধ্ব বিভাগে। এ বিভাগের শোভন-মুক্ত জুটি সেমিফাইনাল পর্যন্ত পৌঁছালেও ফাইনালে ওঠার লড়াইয়ে পরাজিত হয়।
জেলা টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক এনামুল কবির মুক্ত আগত অতিথি, খেলোয়াড় ও আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, সীমিত সামর্থ্যের মধ্যেও সবার জন্য সর্বোচ্চ আতিথেয়তা নিশ্চিতের চেষ্টা করা হয়েছে। বড় এই আয়োজন সফলভাবে শেষ করতে পারাকে তিনি মাগুরার জন্য বড় সাফল্য হিসেবে উল্লেখ করেন।