অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াসামগ্রী বিতরণ করেছেন যশোর-৪ আসনের সংসদ সদস্য মো. গোলাম রছুল।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নওয়াপাড়া ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে এসব ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. গোলাম রছুল বলেন, মাদকমুক্ত বাংলাদেশ গড়তে এবং শিক্ষার্থীদের ডিভাইস আসক্তি কমাতে খেলাধুলার কোনো বিকল্প নেই। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মহিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌরসভার জামায়াত মনোনীত মেয়র প্রার্থী মতিয়ার রহমান, নওয়াপাড়া পৌরসভার মেয়র প্রার্থী গোলাম মোস্তফা, সাবেক পৌর আমির মাওলানা আলতাফ হুসাইন ও নওয়াপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাসুম বিল্লাহ।
এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।