স্টাফ রিপোর্টার
, যশোর
টাইব্রেকারে আরএন রোড ডাইনামাইটকে হারিয়ে ‘কেডিএস কাপ জুনিয়র ফুটবল টুর্নামেন্ট’-এর শিরোপা জিতেছে আরএন রোড ওয়ারিয়র্স।
শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ, মোবাইল আসক্তি কমানো এবং মাঠমুখী করতে আয়োজিত এই টুর্নামেন্টের পর্দা নেমেছে জমকালো সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে।
রোববার (১১ অক্টোবর) রাতে যশোর শহরের আরএন রোড পৌরসভার মাঠে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময়ে দুই দলের খেলা অমীমাংসিত থাকায় ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় টাইব্রেকারে।
সেখানে ৩-২ গোলে আরএন রোড ডাইনামাইটকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আরএন রোড ওয়ারিয়র্স।
এর আগে গত ৫ অক্টোবর আটটি দল নিয়ে পাঁচ দিনব্যাপী এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
আরএন রোড সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে এবং ‘কেডিএস’-এর পৃষ্ঠপোষকতায় শহরের আরএন রোড পৌরসভার মাঠে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের সমাপনী ও ফাইনাল খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরএন রোড সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোস্তফা গোলাম কাদের।
প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, বীর মুক্তিযোদ্ধা শেখ মনসুর আলী এবং সাত্তার মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ এম সাত্তার খান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সহসভাপতি এজাজ উদ্দীন টিপু।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, বর্তমান প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করে তোলা এবং শিশুদের মোবাইল আসক্তি, মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াল থাবা থেকে রক্ষা করতে খেলার মাঠ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
শিশুদের চার দেয়ালে বন্দী জীবন থেকে বের করে মাঠমুখী করতে এ ধরনের আয়োজন নিয়মিত অব্যাহত রাখা প্রয়োজন।
খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন।