যশোর, বাংলাদেশ || সোমবার, ৮ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বিশ্বকাপে ইরান দলের ১৪ জনকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : রবিবার, ৭ জুন,২০২৬, ০১:১৩ পিএম
আপডেট : রবিবার, ৭ জুন,২০২৬, ০৪:২৭ পিএম
বিশ্বকাপে ইরান দলের ১৪ জনকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

২০২৬ ফিফা বিশ্বকাপ কড়া নাড়ছে দুয়ারে। মেগা এই টুর্নামেন্ট শুরুর মাত্র কয়েক দিন আগে নতুন বিতর্কের জন্ম দিয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ভিসা ইস্যু। ইরান ফুটবল ফেডারেশনের অভিযোগ, জাতীয় দলের খেলোয়াড়দের ভিসা দেওয়া হলেও দলের স্টাফদের বড় একটি অংশকে যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিসা দেয়নি মার্কিন প্রশাসন।

শুক্রবার (৫ জুন) যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা নিশ্চিত করেছে, ইরানের বিশ্বকাপ দলের সব খেলোয়াড় এবং প্রয়োজনীয় সহায়তাকারী স্টাফদের ভিসা দেওয়া হয়েছে। তবে একই সঙ্গে তারা একটি কঠোর সতর্কবার্তাও জুড়ে দেয়। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, এই প্রক্রিয়ার অপব্যবহার করে কাউকেই ‘ভুয়া পরিচয়ে সন্ত্রাসী’ হিসেবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

যুক্তরাষ্ট্রের এমন মন্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। তুরস্কে অবস্থিত ইরানি দূতাবাস এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘খেলাধুলায় রাজনৈতিক পক্ষপাতমূলক হস্তক্ষেপের’ সরাসরি অভিযোগ তুলেছে। তাদের দাবি, দলের ব্যবস্থাপনা, নির্বাহী পর্যায়ের অনেক কর্মকর্তা এবং কারিগরি উপদেষ্টাদের ভিসা উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রত্যাখ্যান করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য অনুযায়ী, আবেদন করেও যুক্তরাষ্ট্রের ভিসা পাননি ইরান দলের ১৪ কর্মকর্তা ও স্টাফ। এর মধ্যে ইরান ফুটবল ফেডারেশনের মহাসচিব হেদায়েত মোম্বেইনি এবং সহসভাপতি মেহদি মোহাম্মদ নবী আছেন। তবে ফেডারেশনের সভাপতি মেহদি তাজের ভিসা হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

তাজ ফুটবল ফেডারেশনে যোগ দেওয়ার আগে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে যুক্ত ছিলেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, আইআরজিসির সঙ্গে যুক্ত কাউকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

ভিসা জটিলতার মাঝেই ইরানি ফুটবল দল তুরস্কে তাদের অনুশীলন ক্যাম্প শেষ করে মেক্সিকোর উদ্দেশে রওনা হয়েছে। যেখানে তারা বিশ্বকাপকালীন বেস ক্যাম্প স্থাপন করবে।

মেক্সিকোয় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের দেওয়া ভিসার শর্ত অনুযায়ী ইরানি ফুটবলাররা কেবল ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন এবং ম্যাচ শেষে একই দিনে তাদের দেশ ছাড়তে হবে।

যুক্তরাষ্ট্রের এই কড়া নীতি ও ঘোষণাকে ‘সত্য গোপনের চেষ্টা’ বলে আখ্যা দিয়েছে ইরান। এক বিবৃতিতে তারা জানায়, ইরানের ফুটবল দলের বিরুদ্ধে ইচ্ছাকৃত ও বৈষম্যমূলক আচরণকে আপনারা এখন সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছেন। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ফিফার জরুরি হস্তক্ষেপ ও বিষয়টি তদন্তের আহ্বান জানিয়েছে ইরানের কূটনৈতিক কর্মকর্তারা।

আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে পর্দা উঠবে ২০২৬ ফিফা বিশ্বকাপের। ইরান ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। ‘বি’ গ্রুপে ক্যালিফোর্নিয়ায় বেলজিয়াম এবং সিয়াটলে মিশরের মুখোমুখি হবে তারা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)