মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
জীবনের ঝুঁকি নিয়ে প্রায় দুইশ’ ফুট উঁচু এক মোবাইল টাওয়ারের চূড়ায় উঠে আর্জেন্টিনা ও বাংলাদেশের পতাকা টাঙিয়েছেন আল আমিন নামে মাগুরার এক যুবক। প্রিয় ফুটবল দলের প্রতি ভক্তদের উন্মাদনার নানা চিত্র দেখা গেলেও এবার মাগুরায় ঘটেছে এই দুঃসাহসী ঘটনা।
আল আমিনের বাড়ি মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের চালিমিয়া গ্রামে। তিনি একজন কনটেন্ট ক্রিয়েটর ও সাংবাদিক।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার স্থানীয় বাবুখালী বাজারের দক্ষিণপাশে নবাব আলীর বাড়ি সংলগ্ন বাংলালিংক টাওয়ারের একেবারে মাথায় উঠে আল আমিন এই এই পতাকা টাঙান। আর্জেন্টিনার আকাশি-সাদা পতাকার ঠিক ওপরেই তিনি সগৌরবে টাঙিয়ে দেন লাল-সবুজের বাংলাদেশের পতাকা।
সামাজিক যোগাযোগমাধ্যমে আল আমিনের পতাকা টাঙানোর একটি ভিডিও দ্রুতই ভাইরাল হয়।
ভিডিওতে দেখা যায়, কোনো ধরনের নিরাপত্তাসরঞ্জাম ছাড়াই তিনি তরতর করে টাওয়ারের চূড়ায় উঠে যান।

এই দুঃসাহসী কাণ্ড দেখে নিচে জড়ো হওয়া স্থানীয় মানুষজন যেমন হাততালি দিয়ে তাকে উৎসাহ দিচ্ছিলেন, অন্যদিকে যেকোনো মুহূর্তে বড় দুর্ঘটনার আশঙ্কায় অনেকের মনেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নিরাপদে নিচে নেমে আসার পর আল আমিন জানান, প্রিয় দল আর্জেন্টিনা ও লিওনেল মেসির প্রতি ভালোবাসা থেকেই তিনি এই ঝুঁকি নিয়েছেন। তবে নিজের দেশের পতাকাকে সবার ওপরে রাখতেই তিনি আর্জেন্টিনার পতাকার ওপরে বাংলাদেশের পতাকাটি বেঁধেছেন।
স্থানীয় হরিনাডাঙ্গা গ্রামের আরেকজন ভক্ত বলেন, ‘প্রিয় দল আর্জেন্টিনা ও লিওনেল মেসি, ডিমারিয়ার প্রতি ভালোবাসা থেকেই আলামিনকে অনুরোধ করে ওই টাওয়ারে পতাকা টাঙানো হয়েছে। যেমন আমাদের ভালবাসা তেমন সাহসিকতার পরিচয় আমরা দিয়েছি।’
এদিকে ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলেও স্থানীয় প্রশাসন ও সচেতন মহল জীবনের ঝুঁকি নিয়ে এই ধরনের বিপজ্জনক কাজ থেকে বিরত থাকার জন্য ফুটবলপ্রেমীদের অনুরোধ জানিয়েছেন।