সুবর্ণভূমি ডেস্ক
ফুটবল বিশ্বকাপে এক অবিশ্বাস্য ইতিহাস গড়লো ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো। রোববার আটলান্টায় উজবেকিস্তানকে ৩-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে নিজেদের ইতিহাসে প্রথম জয়ের দেখা পেয়েছে তারা।
আর এই ঐতিহাসিক জয়ের ওপর ভর করেই প্রথমবারের মতো টুর্নামেন্টের নকআউট পর্বে (শেষ ৩২) জায়গা করে নিয়েছে আফ্রিকান দলটি।
গ্রুপ 'কে' থেকে ৪ পয়েন্ট নিয়ে সেরা তৃতীয় স্থান অধিকারী দলগুলোর একটি হয়ে পরের রাউন্ড নিশ্চিত করেছে কঙ্গো।
দ্বিতীয় রাউন্ডে তাদের মুখোমুখি হতে হবে শক্তিশালী ইংল্যান্ডের।
ম্যাচের প্রথমার্ধে শমুরোদভের গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল উজবেকিস্তান।
তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় কঙ্গো। দলের হয়ে মায়েলে একটি এবং উইসা জোড়া গোল করে দলের স্মরণীয় জয় নিশ্চিত করেন। প্রথম ম্যাচে পর্তুগালের বিপক্ষেও গোল করেছিলেন এই উইসা।
নিজেদের প্রথম বিশ্বকাপ জয় উদযাপনে মত্ত ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো। এর আগে ১৯৭৪ সালে তৎকালীন 'জাইরে' নামে একমাত্র বিশ্বকাপে অংশ নিয়েছিল দেশটি। সেবার ৩ ম্যাচের সবকটিতেই হেরে বিদায় নিতে হয়েছিল তাদের।
তবে দীর্ঘ ৫০ বছর পর এবার একদম ভিন্ন রূপে দেখা গেল কঙ্গোকে। আসরের প্রথম ম্যাচেই ফেবারিট পর্তুগালকে ১-১ গোলে রুখে দিয়ে চমক দেখায় তারা। এরপর কলম্বিয়ার কাছে হারলেও, শেষ ম্যাচে বিশ্বকাপে নবাগত উজবেকিস্তানকে হারিয়ে ইতিহাস লিখে মাঠ ছাড়লো আফ্রিকান পরাশক্তিরা।