সুবর্ণভূমি ডেস্ক
দ্বিতীয় রাউন্ডের সূচি
ছবি:
ফুটবল বিশ্বকাপ এবার পা রাখছে এক সম্পূর্ণ নতুন ও রোমাঞ্চকর অধ্যায়ে। ৩২ দলের চিরচেনা গণ্ডি পেরিয়ে ইতিহাসে প্রথমবারের মতো ৪৮টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ।
দল বাড়ার কারণে টুর্নামেন্টের নিয়মেও এসেছে ঐতিহাসিক এক পরিবর্তন। গ্রুপ পর্বের পালা শেষ করে বিশ্বমঞ্চ এখন প্রবেশ করছে সম্পূর্ণ নতুন এক নকআউট পর্বে, যার নাম ‘রাউন্ড অব ৩২’ বা শেষ বত্রিশের লড়াই।
ইতিমধ্যেই টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টনাসহ ৩২টি দল এই ঐতিহাসিক নকআউট পর্বের টিকিট নিশ্চিত করেছে। ২৯ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত চলবে মাঠের এই নতুন মহারণ।
নতুন ফরম্যাট অনুযায়ী, ১২টি গ্রুপের প্রতিটির শীর্ষ দুটি দল সরাসরি জায়গা করে নিয়েছে এই পর্বে। তাদের সঙ্গে যোগ দিয়েছে গ্রুপ পর্বের সেরা আটটি 'তৃতীয় স্থান' অধিকারী দল।
প্রথাগত পরাশক্তিগুলোর পাশাপাশি কঙ্গো প্রজাতন্ত্রের মতো দলগুলোর ঐতিহাসিক চমক এই রাউন্ডকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
নকআউট পর্বের এই লড়াইগুলো হবে 'সিঙ্গেল-এলিমিনেশন' বা সরাসরি বিদায়ের নিয়মে। অর্থাৎ, প্রতি ম্যাচেই এক দলকে জিততে হবে এবং হারলেই বিদায়।
নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে যদি ম্যাচ টাই বা ড্র থাকে, তবে অতিরিক্ত ৩০ মিনিট (১৫ মিনিট করে দুই অর্ধে) খেলা হবে। এরপরও যদি দুই দলের স্কোর সমান থাকে, তবে ম্যাচের ভাগ্য ও পরবর্তী রাউন্ডের টিকিট নির্ধারিত হবে টাইব্রেকার বা পেনাল্টি শুটআউটের মাধ্যমে।