আরআরএফের অন্দরে কী হচ্ছে-১
রায়হান সিদ্দিক
, যশোর
যশোর: রিচার্ডকে খুলনা থেকে তুলে আনার আগে তার সেলুনে টনির প্রধান সাগরেদ পিয়াল। ছবি সিসিটিভি থেকে সংগৃহীত। ইনসেটে নির্যাতিত পল্লব সুবর্ণভূমি
ছবি:
উন্নয়ন সংস্থা হিসেবে পরিচিত রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশনের (আরআরএফ) একজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে সন্ত্রাসী বাহিনী লালন, নির্যাতন, ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানি এবং পুলিশকে ব্যবহার করে ভীতিকর পরিস্থিতি তৈরির অভিযোগ উঠেছে। ওই কর্মকর্তার নির্দেশে একটি চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তিকে মারধর, হুমকি ও হয়রানি করে আসছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। ক্ষতিগ্রস্তদের কেউ প্রতিবাদ করার সাহস পাননি, কেউ জীবন বাঁচাতে এলাকা ছেড়ে গা-ঢাকা দিয়েছেন।
অভিযোগের কেন্দ্রে রয়েছেন আরআরএফের সহকারী নির্বাহী পরিচালক অ্যান্টনি বিশ্বাস ওরফে টনি। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে অনুসন্ধানে একাধিক ভুক্তভোগীর বক্তব্য, মামলার নথি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য পাওয়া গেছে। এমনকি একটি চুরির মামলার বিষয়ে টনি নিজেই স্বীকার করেছেন, এজাহারে উল্লেখ করা ১৫ লাখ টাকা আসলে চুরি হয়নি; মামলার গুরুত্ব বাড়াতে এক বিতর্কিত পুলিশ কর্মকর্তার পরামর্শে ওই অর্থের কথা যুক্ত করা হয়েছে।
এদিকে আরআরএফের সাবেক কর্মী লিটন সরকারকে ঘিরে তৈরি হয়েছে রহস্য। চুরির অভিযোগ ওঠার পর থেকে তিনি নিখোঁজ। তাকে খুঁজতে গিয়ে সুবর্ণভূমি আরও কয়েকজনের ওপর নির্যাতন ও পুলিশি হয়রানির অভিযোগ পায়। ভুক্তভোগীদের দাবি, লিটনের সন্ধান না পেয়ে তার পরিচিতজনদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। এতসব অভিযোগের পরও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।
চুরি মামলায় টনি-ঘনিষ্ঠ কেয়ারটেকার আসামি
চলতি বছরের ২১ জুলাই রাতে যশোর কোতোয়ালি মডেল থানায় একটি চুরির মামলা করেন আরআরএফের সহকারী নির্বাহী পরিচালক অ্যান্টনি বিশ্বাস ওরফে টনি। মামলায় আসামি করা হয় তারই একসময়ের ঘনিষ্ঠ সহযোগী ও ব্যক্তিগত কেয়ারটেকার পল্লব দাসকে।
এজাহারে বলা হয়, ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ১ জুলাইয়ের মধ্যে কোনো একসময় আরআরএফের প্রধান কার্যালয়ের একটি গেস্টরুম থেকে নগদ ১৫ লাখ টাকা এবং ২০ থেকে ২৫ ভরি সোনা চুরি হয়েছে। কথিত খোয়া যাওয়া সম্পদের বর্তমান বাজারমূল্য প্রায় অর্ধকোটি টাকা বলে দাবি করা হয়। মামলার পর পল্লব দাসকে গ্রেপ্তার করে তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ। একই ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক করা হয় শরৎ সিকদার নামে এক দন্ত চিকিৎসককে।
শরৎ সিকদারের অভিযোগ, পল্লবের পরিবারের সঙ্গে সুসম্পর্ক থাকার কারণেই কোনো প্রমাণ ছাড়াই তাকে গ্রেপ্তার করা হয়। বিনা অপরাধে তাকে ২১ দিন কারাগারে থাকতে হয়েছে। অন্যদিকে পল্লবের বাবা জোসেফ দাসের দাবি, তার ছেলেকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে।
মামলার নথি ও বাদীর বক্তব্য ঘিরে কয়েকটি প্রশ্ন সামনে এসেছে। প্রায় ৬০ লাখ টাকার সম্পদ একটি গেস্টরুমে কেন রাখা হয়েছিল? এসব সম্পদ উপার্জনের উৎস কী? চুরির অভিযোগে মামলা করতে নয় মাসের বেশি সময় লাগলো কেন? কক্ষটির চাবি কি শুধু একজনের কাছেই ছিল? সেখানে সিসিটিভি ক্যামেরা থাকলেও চুরির কোনো দৃশ্য ধরা পড়েনি কেন? খোয়া যাওয়ার পর দীর্ঘ সময় বাদী ওই সম্পদের খোঁজ নেননি কেন?
এসব প্রশ্নের বিষয়ে জানতে চাইলে অ্যান্টনি বিশ্বাস টনি সুবর্ণভূমির কাছে স্বীকার করেন, তার কোনো টাকাই চুরি হয়নি, কেবল সামান্য কিছু সোনা চুরি হয়েছে। পল্লব দাস চুরি করতে পারেন, এমনটিও তিনি বিশ্বাস করেন না।
তাহলে এজাহারে ১৫ লাখ টাকা চুরির অভিযোগ কেন আনা হলো—এমন প্রশ্নের জবাবে টনি বলেন, মামলার গুরুত্ব বাড়াতে পুলিশের এক কর্মকর্তার পরামর্শে ১৫ লাখ টাকার বিষয়টি যুক্ত করা হয়েছে। তবে এটিকে প্রতারণা বলতে রাজি নন তিনি।
মামলায় মিথ্যা তথ্য প্রদানের বিষয়ে আইন কী বলে জানতে যোগাযোগ করা হয় বিশিষ্ট আইনজীবী বাসুদেব বিশ্বাসের সঙ্গে। তিনি সুবর্ণভূমিকে বলেন, আইন অনুযায়ী চোর যেমন অপরাধী, তেমনি মিথ্যা তথ্য দিয়ে মামলা দায়েরকারীও অপরাধী। প্রতারণা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অসত্য তথ্য দিয়ে বিভ্রান্ত করার অভিযোগে বাদীর বিরুদ্ধেও মামলা হতে পারে।
অন্য চুরির মামলায় ফাঁসানোর অভিযোগ
আরআরএফের চুরির মামলার আগেই পল্লব দাসকে আরেকটি চুরির মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে।
মামলার নথি অনুযায়ী, গত ২১ এপ্রিল কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতনামা চোরের বিরুদ্ধে সিঁধেল চুরির মামলা করেন আকরাম হোসেন। এজাহারে বলা হয়, যশোর শহরের চাঁচড়া ডালমিল এলাকায় অবস্থিত ‘মিরপুর ইনস্টিটিউট অব নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি’ নামে একটি প্রতিষ্ঠান থেকে কম্পিউটার, ল্যাপটপ, এসিসহ বিভিন্ন সরঞ্জাম চুরি হয়েছে। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য ১২ লাখ টাকা।
এ ঘটনায় ৬ জুলাই পল্লবকে আটক দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। তবে তার পরিবারের অভিযোগ, ২৯ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত পল্লবকে আরআরএফ কার্যালয়ে আটকে রাখা হয়েছিল। এ সময় পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না।
পল্লবের বাবা জোসেফ দাস বলেন, ‘২৯ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত আমরা পল্লবের কোনো খোঁজ পাইনি। পরে জানতে পারি, আরআরএফের তিনতলায় একটি কক্ষে তাকে আটকে রাখা হয়েছে। এরপর ৬ জুলাই সিঁধেল চুরির ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হয়।’
তিনি আরও বলেন, ‘৯ জুলাই রাতে অ্যান্টনি বিশ্বাস টনিসহ কয়েকজন আমাদের বাড়িতে এসে বলেন, পল্লব ছাড়া পেলে তাকে বোঝাতে, যাতে সে সবকিছু স্বীকার করে।’
তবে যে প্রতিষ্ঠানে চুরির অভিযোগ, সেখানে গিয়ে পাওয়া গেছে ভিন্ন তথ্য। মিরপুর ইনস্টিটিউট অব নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি প্রায় দেড় বছর ধরে বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটিতে এর আগেও একবার চুরির ঘটনা ঘটেছিল।
প্রতিষ্ঠানটি যে ভবনে অবস্থিত, সেই বাড়ির মালিকের ছেলে সাদি চৌধুরী বলেন, ‘চুরি যে করেছে, সে স্থানীয় ছেলে। সিসিটিভি ক্যামেরার ভিডিও দেখে বিষয়টি নিশ্চিত হয়েছি।’
তিনি আরও বলেন, ‘যে চুরি করেছে, সিসিটিভি ক্যামেরায় তার চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছে। এই ঘটনায় অন্য কাউকে আটক করবে কেন পুলিশ?’
সাবেক কর্মী লিটন সরকার কোথায়
আরআরএফের গেস্টরুম থেকে চুরির ঘটনায় পল্লব দাসকে আসামি করা হলেও এ ঘটনার সূত্র ধরে আরেকজনকে খুঁজছে পুলিশ ও আরআরএফ। তিনি লিটন সরকার। একসময় আরআরএফের এইচআর অ্যান্ড অ্যাডমিন অফিসার হিসেবে কর্মরত ছিলেন তিনি। গেস্টরুম থেকে চুরির অভিযোগ সামনে আসার পর থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছে না।
লিটনকে খুঁজতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি অপরিচিত কিছু ব্যক্তির তৎপরতার কথাও জানিয়েছেন সংশ্লিষ্টরা। একই সময়ে তার বিষয়ে অনুসন্ধান শুরু করে সুবর্ণভূমি।
খোঁজ নিয়ে সুবর্ণভূমি জানতে পারে, ২০২৫ সালের ২২ অক্টোবর আরআরএফের এইচআর অ্যান্ড অ্যাডমিন অফিসার পদ থেকে অব্যাহতি নেন লিটন। পরে কেশবপুর বাজারে একটি জুতার দোকান চালু করলেও কয়েক মাসের মধ্যে সেটি বন্ধ করে দেন। এর আগে যশোর শহরের আরবপুর তিনখাম্বা মোড়ে একটি বাড়িতে ভাড়া থাকতেন তিনি। প্রায় চার মাস আগে সেখান থেকে চলে যান খুলনায়।
আরবপুর তিনখাম্বা মোড়ের এক গ্যাস ব্যবসায়ী জানান, মাস চারেক আগে পিকআপে করে ঘরের আসবাবপত্র নিয়ে লিটনকে চলে যেতে দেখেছেন তিনি। যাওয়ার আগে দোকানের বকেয়া টাকাও পরিশোধ করেছিলেন লিটন। দীর্ঘদিন একই এলাকায় থাকার কারণে প্রায়ই ওই ব্যবসায়ীর দোকানে বসতেন তিনি।
ওই ব্যবসায়ীর ভাষ্য, লিটন অত্যন্ত ভালো মানুষ ছিলেন। চুরির মতো অপরাধে তিনি জড়িত থাকতে পারেন, তা বিশ্বাস করা কঠিন। সর্বশেষ খুলনার বয়রা এলাকায় তাকে দেখা গেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
লিটনের জন্মভিটা খুলনার পাইকগাছার বাতিখালি গ্রামে গিয়ে পাওয়া যায় তার মামা মিখাইল মাখালের সন্ধান। পেশায় ভ্যানচালক মিখাইলের আর্থিক সামর্থ্য নেই ভাগনেকে খুঁজে বের করার। তবে তার বিশ্বাস, লিটন একদিন ফিরে আসবেন।
মিখাইল জানান, শৈশবেই বাবা-মাকে হারিয়ে এতিম হয়ে যান লিটন। আর্থিক অসচ্ছলতার কারণে তাকে সাতক্ষীরার আশাশুনির বড়দল এলাকার একটি খ্রিস্টান মিশনে রেখে আসা হয়। সেখানেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পড়াশোনা শেষ করেন তিনি। পরে ওই মিশনের উদ্যোগে চাকরির ব্যবস্থা হয়। আরআরএফে প্রায় ১১ বছর চাকরি করেছেন লিটন।
তার বিষয়ে মিখাইল বলেন, ‘আমার ভাগনে ছোটবেলা থেকেই ঘরছাড়া। মাঝে মাঝে এলাকায় এসে দরিদ্রদের সাহায্য-সহযোগিতা করতো। আমাদের সঙ্গে কথা কম হতো। আরআরএফের স্যাররা যখন যা করতে বলেছেন, লিটন তাই করতো। স্যাররাই বিয়ে দিয়েছিলেন। কিন্তু কিছুদিন পর তার সংসার ভেঙে যায়। এরপর থেকে লিটন মানসিকভাবে খানিকটা ভেঙে পড়ে। হঠাৎ একদিন শুনলাম, সে নাকি চাকরি ছেড়ে দিয়েছে। তার কয়েক মাস পর আরআরএফ থেকে ফোন করে জানানো হয়, লিটন নিখোঁজ।’
অভিযোগের বিষয়ে মিখাইল বলেন, চুরি করে পালিয়ে যাওয়ার মতো ছেলে লিটন নন। এর পেছনে অন্য কোনো রহস্য থাকতে পারে। লিটন আদৌ বেঁচে আছেন কি না, সেটিও তারা জানেন না।
লিটনের মামাতো ভাই ক্লিনটনের সন্দেহ, তাকে হয়তো গুম করা হয়েছে, নয়তো হত্যা করা হয়েছে। তিনি বলেন, ‘ওরা আমার দাদাকে হয় গুম করে দিয়েছে, না হয় মেরে ফেলেছে। একটা জলজ্যান্ত মানুষ কোথায় হারিয়ে যাবে?’
তার দাবি, লিটন আরআরএফের ভেতরের এমন কোনো তথ্য জেনে গিয়েছিলেন, যা তার জানার কথা ছিল না। এ কারণেই হয়তো তাকে চুরির অপবাদ দিয়ে গুম করা হয়েছে।
এ বিষয়ে সাতক্ষীরার আশাশুনির বড়দল মিশনের ফাদার জুয়েলসহ সেখানে কর্মরত কয়েকজনের সঙ্গে কথা হয়। তারা প্রত্যেকেই লিটনের নিখোঁজ হওয়ার বিষয়টি অস্বাভাবিক বলে মনে করেন। তাদের ভাষ্য, লিটন ছোটবেলা থেকেই শান্ত প্রকৃতির এবং ঝামেলা এড়িয়ে চলতেন। অন্য কোনো কারণে তাকে ফাঁসানো হচ্ছে কি না, তা তদন্তের দাবি জানিয়েছেন তারা।
তবে বিস্ময়কর বিষয় হলো, পুলিশ ও আরআরএফের পক্ষ থেকে লিটনকে খোঁজার তৎপরতার কথা জানা গেলেও এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় তার নিখোঁজ হওয়ার বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেনি।
লিটনের খোঁজে গিয়ে নির্যাতনের অভিযোগ
লিটন সরকারের সন্ধান করতে গিয়ে সামনে এসেছে আরও কয়েকজনের নাম। তাদের মধ্যে চারজন লিটনকে কেন্দ্র করে নির্যাতন ও পুলিশি হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাদের একজন লিটনের বন্ধু রিচার্ড মণ্ডল। খুলনা নগরীর বয়রা এলাকার এই নরসুন্দরের অভিযোগ, লিটনের খোঁজ না দেওয়ায় তাকে একাধিকবার মারধর ও হুমকি দেওয়া হয়েছে।
রিচার্ড জানান, চলতি বছরের নভেম্বরে তার ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে কয়েকজন নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে লিটনের অবস্থান জানতে চান। তিনি তথ্য দিতে না পারায় তাকে এবং দোকানের কয়েকজন কর্মচারীকে মারধর করা হয়।
রিচার্ডের ভাষ্য, ‘যশোর ডিবি পুলিশের অলোক কুমার দে নামে একজন আমার কাছে লিটন কোথায় জানতে চান। এ সময় আমি যা জানি, সবই তাকে বলেছি। কিন্তু তারপরও পুলিশ কর্মকর্তা অলোক আমাকে ও আমার কর্মচারীদের বিনা অপরাধে চড় মারেন। বিষয়টি কাউকে জানালে ভালো হবে না—এমন হুমকি দিয়ে চলে যান। এ সময় দোকানে থাকা সিসিটিভি ক্যামেরার সব ভিডিও মুছে দেন ওই কর্মকর্তা।’
তবে খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনার দিন খুলনায় গিয়ে ডিবি পুলিশের পরিচয় ব্যবহার করলেও অলোক কুমার দে তখন যশোরের উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পরবর্তী সময়ে গত ৩০ অক্টোবর খুলনা বিভাগে শুদ্ধি অভিযানে ঘুস ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় বেশকিছু পুলিশ সদস্যকে বিভাগীয় শাস্তির মুখোমুখি হতে হয়। ওই তালিকায় ছিলেন অলোক কুমার দে। যশোর উপশহর পুলিশ ক্যাম্প থেকে সরিয়ে দেওয়ার পরও এই কর্মকর্তা এখনও নানা অপকর্ম করে চলেছেন বলেও অভিযোগ রয়েছে।
এদিকে, গত ৮ অক্টোবর সন্ধ্যায় রিচার্ডের ব্যবসাপ্রতিষ্ঠানে আরেক দফা হামলা ও নির্যাতনের অভিযোগ ওঠে। রিচার্ডের দাবি, আরআরএফের দুটি অফিসিয়াল গাড়িতে করে লোকজন নিয়ে সেখানে হাজির হন অ্যান্টনি বিশ্বাস টনির খালাতো ভাই পিয়াল। আরআরএফ কার্যালয়ে নিয়ে যাওয়ার কথা বলে তাকে যশোর শহরের ধর্মতলার ইউনিক ফিলিং স্টেশনে আনা হয়। সেখানে একটি হোটেলের রান্নাঘরে আটকে রেখে রাতভর তাকে নির্যাতন করা হয়।
রিচার্ড বলেন, ‘পিয়াল আমাকে সারারাত মেরেছে। মারতে মারতে কয়েকটি মোটা মোটা লাঠি ভেঙে ফেলেছে। আমি যত বলি, লিটনের খোঁজ জানি না, মারধরের মাত্রা তত বেড়ে যায়। এ সময় আমার মোবাইল ফোন কেড়ে নিয়ে ব্যক্তিগত ছবি, ভিডিওসহ সব তথ্য নিজের মোবাইলে নিয়ে নেয়। একপর্যায়ে আমি গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরদিন সকাল ৭টার দিকে খুলনার আজিজের মোড় হাসপাতালের সামনে আমাকে রেখে যায়। যাওয়ার সময় হুমকি দেয়, লিটনকে খুঁজে দিতে না পারলে আমাকে জবাই করে নদীতে ভাসিয়ে দেবে।’
এসব ঘটনায় ১০ অক্টোবর সোনাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দেন রিচার্ড।
প্রশ্নের মুখে আরআরএফের ভূমিকা
একটি চুরির মামলা, আরেকটি সিঁধেল চুরির ঘটনায় সাবেক কর্মীকে আসামি করা, লিটনের রহস্যজনক নিখোঁজ হওয়া এবং তার পরিচিতজনদের ওপর নির্যাতন ও পুলিশি হয়রানির অভিযোগ—সব মিলিয়ে আরআরএফের ভেতরের পরিস্থিতি নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।
বিশেষ করে, চুরির মামলার বাদী নিজেই যখন এজাহারে উল্লেখ করা ১৫ লাখ টাকা চুরির বিষয়টি ভুয়া বলে স্বীকার করছেন এবং পুলিশের এক কর্মকর্তার পরামর্শে তা যুক্ত করার কথা স্বীকার করছেন, তখন মামলার গ্রহণযোগ্যতা ও তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।
অন্যদিকে, লিটনের নিখোঁজ হওয়ার বিষয়ে এখনো কোনো মিসিং ডায়েরি না হওয়া এবং তার সন্ধান করতে গিয়ে বিভিন্ন ব্যক্তির ওপর নির্যাতনের অভিযোগের বিষয়টিও তদন্তের দাবি রাখে।
এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত, নিখোঁজ লিটন সরকারের সন্ধান এবং ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি উঠেছে আরআরএফ কর্মীদের মধ্যে।