যশোর, বাংলাদেশ || রবিবার, ২২ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মহম্মদপুরে অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে জিআর বরাদ্দ করে লুটপাট

রাসেল মিয়া

, মহম্মদপুর (মাগুরা)

প্রকাশ : শনিবার, ২১ নভেম্বর,২০২৬, ১১:০০ এ এম
মহম্মদপুরে অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে জিআর বরাদ্দ করে লুটপাট

মাগুরার মহম্মদপুরে ২০২৫-২৬ অর্থবছরে ত্রাণ কার্যক্রমের (জিআর) আওতায় চাল উপবরাদ্দে ব্যাপক অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। ওয়াজ মাহফিল এবং হিন্দু ধর্মাবলম্বীদের মন্দিরে হরিসভার জন্য বরাদ্দ করা চালের বড় অংশ ভুয়া ও অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাশেদুল হাসানসহ সংশ্লিষ্ট দপ্তরের একটি চক্রের সম্পৃক্ততার অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা।

অনুসন্ধানে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে মহম্মদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে ১১০টি প্রতিষ্ঠানের অনুকূলে মোট ৮৯ দশমিক পাঁচ টন ত্রাণের চাল উপবরাদ্দ দেওয়া হয়। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় থেকে এসব বরাদ্দ দেওয়া হলেও মাঠপর্যায়ে তালিকা প্রণয়ন, আবেদন যাচাই-বাছাই, প্রকল্প বা প্রতিষ্ঠান পরিদর্শন এবং চাল বিতরণের দায়িত্ব পালন করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়।

অভিযোগ রয়েছে, বরাদ্দের বড় একটি অংশ নামসর্বস্ব ও বেনামি প্রতিষ্ঠানের নামে উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে। এর মধ্যে কয়েকটি প্রতিষ্ঠানের বাস্তবে কোনো অস্তিত্বই পাওয়া যায়নি। আবার কিছু প্রতিষ্ঠানের নামে চাল বরাদ্দ দেখানো হলেও সংশ্লিষ্ট দপ্তরে এ-সংক্রান্ত প্রয়োজনীয় নথি বা রেকর্ডপত্র পাওয়া যায়নি।

সরেজমিন অনুসন্ধানে দেখা গেছে, যেসব প্রতিষ্ঠানের নামে চাল বরাদ্দ দেখানো হয়েছে, সেগুলোর সভাপতি, সাধারণ সম্পাদক, স্থানীয় ইমাম, মুসল্লি কিংবা পুরোহিতদের অনেকেই বরাদ্দের বিষয়ে কিছুই জানেন না। বরাদ্দের তালিকায় নাম থাকা ব্যক্তিদের কয়েকজনের দাবি, চালের বিপরীতে তাদের হাতে নামমাত্র কিছু টাকা দেওয়া হয়েছে। বাকি অর্থ বিভিন্ন অজুহাতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে কেটে রাখা হয়েছে।

অনুসন্ধানে মহম্মদপুর সদরের ‘আবুল কালাম নুরানি মাদরাসা’ ও ‘ঢুসরাইল হাজী আব্দুল গফফার নুরানি মাদরাসা’ নামে দুটি প্রতিষ্ঠানের বাস্তব অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। অথচ প্রতিষ্ঠান দুটির প্রতিটির নামে এক টন করে চাল বরাদ্দ দেখানো হয়েছে। এ ছাড়া বিনোদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম আজম সাবুর মসজিদের নামে বরাদ্দ চালও আত্মসাতের অভিযোগ উঠেছে।

উপজেলার বিভিন্ন ইউনিয়নেও বরাদ্দের চাল বিতরণে অনিয়মের চিত্র পাওয়া গেছে। বিনোদপুর ইউনিয়নে আটটি প্রতিষ্ঠানের অনুকূলে সাড়ে সাত মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে একটি প্রতিষ্ঠানের অস্তিত্ব পাওয়া যায়নি। অন্য তিনটি প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিরা বরাদ্দের বিষয়ে কিছুই জানেন না।

পলাশবাড়িয়া ইউনিয়নের তিনটি প্রতিষ্ঠানের অনুকূলে দেড় টন চাল বরাদ্দ দেওয়া হয়। সেখানকার প্রতিষ্ঠানগুলো বরাদ্দের পুরো চাল পেয়েছে।

নহাটা ইউনিয়নে সাতটি প্রতিষ্ঠানের নামে সাড়ে চার টন চাল বরাদ্দ ছিল। এর মধ্যে তিনটি প্রতিষ্ঠান পেয়েছে আড়াই টন চাল। দুটি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে নামমাত্র ১৮ হাজার টাকা করে। বাকি দুটি প্রতিষ্ঠান বরাদ্দের বিষয়ে কিছুই জানে না।

দীঘা ইউনিয়নে দশটি প্রতিষ্ঠানের নামে সাড়ে ছয় টন চাল বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে মাত্র একটি প্রতিষ্ঠান ১৮ হাজার টাকা পেয়েছে। অন্য প্রতিষ্ঠানগুলো কোনো অর্থই পায়নি বলে অভিযোগ রয়েছে।

বালিদিয়া ইউনিয়নে ১১টি প্রতিষ্ঠানের অনুকূলে সাড়ে নয় টন চাল বরাদ্দ দেওয়া হয়। এর বিপরীতে মাত্র চারটি প্রতিষ্ঠানকে ৬৫ হাজার ৫০০ টাকা দেওয়া হয়েছে। বাকি প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীল ব্যক্তিরা বরাদ্দের বিষয়ে কিছুই জানেন না।

সবচেয়ে বেশি অনিয়মের অভিযোগ পাওয়া গেছে বাবুখালী ইউনিয়নে। সেখানে ৪২টি প্রতিষ্ঠানের নামে সাড়ে ৩৫ টন চাল বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে মাত্র ১৬টি প্রতিষ্ঠানকে মোট এক লাখ ৭৬ হাজার টাকা দেওয়া হয়েছে। বাকি প্রতিষ্ঠানগুলোর বরাদ্দের চাল কিংবা অর্থের কোনো তথ্য পাওয়া যায়নি।

অভিযোগের বিষয়ে মহম্মদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল হাসান বলেন, ‘সবকিছু সঠিকভাবে তদন্ত করেই জিআর বরাদ্দ দেওয়া হয়েছে। নিয়ম মেনেই সব কাজ সম্পন্ন হয়েছে। এরপরও কোনো অনিয়ম হয়ে থাকলে এবং এর সঙ্গে আমার সম্পৃক্ততা পাওয়া গেলে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।’

এ বিষয়ে মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী বলেন, ‘এসব জিআর বরাদ্দের সময় আমি অন্য জেলায় কর্মরত ছিলাম। বরাদ্দ দেওয়ার পর মহম্মদপুর উপজেলায় যোগদান করেছি। তারপরও কোনো অনিয়ম হয়ে থাকলে তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)