যশোর, বাংলাদেশ || রবিবার, ২২ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে নিবন্ধিত এতিমখানা ১২৪, গতবছরে অনুদান পেয়েছে ৭৯টি

আশ্রয়ের সাথে স্বপ্নও গড়েন যারা

কোনো কোনো প্রতিষ্ঠান শিশুদের দিয়ে অনুদান সংগ্রহ করায়

ইমরান হোসেন রাজ

, যশোর

প্রকাশ : শনিবার, ২১ নভেম্বর,২০২৬, ১০:০০ এ এম
আশ্রয়ের সাথে স্বপ্নও গড়েন যারা

কারও বাবা নেই, কারও মা নেই। আবার কারও বাবা-মা থাকলেও দারিদ্র্যের কারণে সন্তানের ভরণপোষণ ও পড়াশোনার দায়িত্ব নিতে পারছেন না। এমন শিশুদের আশ্রয়, খাবার, শিক্ষা ও নিরাপদ ভবিষ্যতের ঠিকানা হয়ে উঠেছে যশোরের বিভিন্ন মাদরাসা ও এতিমখানা। তবে সীমিত সামর্থ্য, দাতাদের অনিয়মিত সহযোগিতা এবং সরকারি অনুদানের আওতা কমে যাওয়ায় প্রতিষ্ঠানগুলোকে নানা সংকটের মধ্য দিয়ে চলতে হচ্ছে।

এসব প্রতিষ্ঠানে শিশুদের দিন শুরু হয় ভোরের আজানের আগেই। ফজরের নামাজ আদায়ের পর শুরু হয় কোরআন তেলাওয়াত ও পড়াশোনা। সকাল ১০টা পর্যন্ত চলে পাঠদান। এরপর দুপুর পর্যন্ত বিশ্রাম। গোসল, জোহরের নামাজ ও খাবার শেষে আবারও পড়াশোনায় বসে শিক্ষার্থীরা। বিকেলে খেলাধুলার সুযোগ থাকে। মাগরিবের নামাজের পর শুরু হয় আবার পড়াশোনা। এশার নামাজ শেষে রাতের খাবার খেয়ে ঘুমাতে যায় শিশুরা।

শুধু কোরআন হেফজ নয়, সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে বাংলা, ইংরেজি ও গণিতসহ সাধারণ শিক্ষাও দেওয়া হচ্ছে অনেক প্রতিষ্ঠানে। কেউ হেফজ শেষ করার স্বপ্ন দেখছে, কেউ পড়াশোনা করে ভবিষ্যতে শিক্ষক কিংবা অন্য কোনো পেশায় যুক্ত হতে চায়।

যশোর-খুলনা মহাসড়কের রামনগরে খানকায়ে ওয়াইছিয়া দরবার শরিফ এতিমখানায়ও একই চিত্র। প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা জানায়, পড়াশোনার পাশাপাশি এখানে খেলাধুলার সুযোগ রয়েছে। অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করা হয়। তবে পরিবারের কথা মনে পড়লে অনেক সময় মন খারাপ হয়। তখন অন্য শিশুদের সঙ্গে সময় কাটিয়ে নিজেদের মানিয়ে নেওয়ার চেষ্টা করে তারা।

প্রতিষ্ঠানটির দায়িত্বশীলরা জানান, শিশুদের খাবার, চিকিৎসা ও পড়াশোনার ব্যবস্থা করতে স্থানীয় দাতা ও দরবারের অনুসারীদের সহযোগিতা নেওয়া হয়। সপ্তাহে কয়েক দিন মাছ, মাংস ও ডিমের ব্যবস্থা করা হয়। পাশাপাশি কোরআন শিক্ষার সঙ্গে সাধারণ শিক্ষার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে প্রতিষ্ঠানটিতে।

নরেন্দ্রপুরের কুতুবে রব্বানি হজরত শাহ চেরাগ আলী মাদরাসায় বর্তমানে ৩৪ জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে ১৩ জন এতিম এবং ২১ জন অসচ্ছল পরিবারের সন্তান। প্রতিষ্ঠানটির পরিচালক মাকসুদুর রহমান জানান, এখানে হেফজ, নাজেরা ও দাখিল শিক্ষার পাশাপাশি সাধারণ বিষয়েও পাঠদান করা হয়। স্থানীয় মানুষের সহযোগিতা, কৃষিপণ্য ও প্রতিষ্ঠানের নিজস্ব সম্পদের আয় দিয়ে শিক্ষার্থীদের ব্যয় নির্বাহের চেষ্টা করা হচ্ছে।

একই ইউনিয়নের খাটরা-বলরামপুর হাফিজিয়া মাদরাসা এতিমখানার পরিচালক মো. আবুল কালাম জানান, ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানের সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে যুক্ত। বর্তমানে ২৭ জন শিক্ষার্থী রয়েছে। শিক্ষার্থীদের থাকা, খাওয়া, পোশাক ও চিকিৎসার ব্যবস্থা বিনা খরচে করা হয়। একসময় সরকারি অনুদানের আওতায় ৩০ জন শিক্ষার্থী থাকলেও বর্তমানে তা কমে দশজনে নেমেছে। এলাকার আর্থিক অসচ্ছলতা ও কৃষিনির্ভর অর্থনীতির কারণে দাতা পাওয়াও কঠিন বলে জানান তিনি।

শহরতলীর খোলাডাঙ্গা হাসানিয়া ফারমানিয়া মাদরাসা ও এতিমখানার পরিচালক মুফতি আবদুল্লাহ আল মামুন জানান, প্রতিষ্ঠানটিতে প্রায় ৪৫ জন এতিম ও অসচ্ছল শিক্ষার্থী রয়েছে। আগে সরকারি অনুদানের আওতায় ২৭ জন থাকলেও বর্তমানে তা কমে ১৮ জন হয়েছে। তার দাবি, অনুদান কমে যাওয়ায় শিশুদের প্রয়োজনীয় ব্যয় মেটাতে চাপ তৈরি হয়েছে। তবে শিশুদের দিয়ে বাসাবাড়ি বা ব্যবসাপ্রতিষ্ঠানে সাহায্য সংগ্রহ করানো হয় না। দাতাদের সঙ্গে যোগাযোগের দায়িত্ব প্রতিষ্ঠানের দায়িত্বশীলরাই পালন করেন।

যশোর সদর উপজেলার আমদাবাদ এলাকার খাজা গরিবে নেওয়াজ বালিকা সদন এতিমখানায় বর্তমানে রয়েছে ৫৫ থেকে ৫৭ জন ছাত্রী। সাধারণ শিক্ষার পাশাপাশি এখানে ছাত্রীদের কোরআন শিক্ষা ও সেলাই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রতিষ্ঠানটির পরিচালক মোসাম্মৎ মমতাজ পারভীন জানান, ১৯৯৩-৯৪ সালের দিকে তার মায়ের হাত ধরে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। মায়ের মৃত্যুর পর থেকে তিনি প্রতিষ্ঠানটির পরিচালনার দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, এখানে মেয়েদের ১৮ বছর বয়স পর্যন্ত রাখা হয়। বয়স ১৮ পূর্ণ হলে তাদের স্থানীয় অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে এখানে ১৬ জন ছাত্রী সেলাই প্রশিক্ষণ নিচ্ছে। পাশাপাশি এতিমখানায় বেড়ে ওঠা মেয়েদের ভবিষ্যৎ জীবন গড়তেও উদ্যোগ নেওয়া হয়। উপযুক্ত পাত্র ও ভালো পরিবার দেখে আনুষ্ঠানিকভাবে বিয়ের ব্যবস্থা করা হয়। বিয়ের সময় নবদম্পতিকে উপহার হিসেবে দেওয়া হয় একটি করে সেলাই মেশিন, যাতে মেয়েরা ভবিষ্যতে স্বাবলম্বী হতে পারে।

মমতাজ পারভীন জানান, তার মা জীবিত থাকাকালে অসংখ্য মেয়ের বিয়ের ব্যবস্থা করেছেন। তিনি নিজেও এ পর্যন্ত দুইজন মেয়ের বিয়ে দিয়েছেন। যাদের বিয়ে দেওয়া হয়েছে, তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হয় এবং খোঁজখবর নেওয়া হয়।

প্রতিষ্ঠানটিতে সাইমুন সুলতানা সোমা ও আফরোজা আক্তার ইভা সাধারণ পাঠদান করেন। তবে আলাদা শ্রেণিকক্ষ না থাকায় একই জায়গায় থাকা, খাওয়া ও পড়াশোনা করতে হয় মেয়েদের। এতে পাঠদানে কিছুটা সমস্যা হয় বলে জানান শিক্ষকরা। সেলাই প্রশিক্ষণের জন্য রয়েছে আটটি মেশিন। আরও মেশিন ও প্রয়োজনীয় অবকাঠামো চান প্রতিষ্ঠানটির পরিচালক।

প্রতিষ্ঠানটির কয়েকজন ছাত্রী জানায়, খাবার ও থাকার ব্যবস্থা মোটামুটি ভালো। তবে ঈদ বা ছুটির সময়ে অন্য শিশুরা পরিবারের কাছে চলে গেলে তাদেরও বাড়ি যাওয়ার ইচ্ছা হয়। কারও সঙ্গে পরিবারের যোগাযোগ না থাকায় সেই সময়টা তাদের জন্য বেশি কষ্টের হয়ে ওঠে।

এদিকে, মাদরাসাগুলোর পরিচালক ও শিক্ষকদের দাবি, যশোরের কিছু কিছু ধর্মীয় প্রতিষ্ঠান শিশুদের নিয়ে বিভিন্ন বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে পাঠিয়ে টাকা বা সাহায্য আনার ব্যবস্থা করে। তবে তাদের পরিচালিত প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীকে এ ধরনের কাজে পাঠানো হয় না। ছোট শিশুদের দিয়ে সাহায্য সংগ্রহের এই প্রবণতার ঘোর বিরোধী তারা। তাদের মতে, শিশুদের শিক্ষা, নিরাপত্তা ও স্বাভাবিক বেড়ে ওঠা নিশ্চিত করাই হওয়া উচিত এতিমখানার প্রধান দায়িত্ব।

যশোর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায় জানান, জেলায় নিবন্ধিত বেসরকারি এতিমখানার সংখ্যা ১২৪টি। গত অর্থবছরে এর মধ্যে ৭৯টি প্রতিষ্ঠান ক্যাপিটেশন গ্র্যান্ট (অনুদান) পেয়েছে। এ অনুদানের আওতায় ছিল এক হাজার ৭৫০ জন শিশু। বরাদ্দ ছিল চার কোটি ১২ লাখ ৫৬ হাজার টাকা। যশোর সদর উপজেলায় অনুদান পাওয়া প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১৭।

তিনি বলেন, মাঠপর্যায়ে সরেজমিন পরিদর্শন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতিবেদন যাচাই করে অনুদানপ্রাপ্ত শিশুদের সংখ্যা নির্ধারণ করা হয়। কোনো প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা বাড়লে বা কমলে যাচাই-বাছাইয়ের পর অনুদানের তালিকায় পরিবর্তন আসতে পারে। সরকারি শিশু পরিবার ও বেসরকারি এতিমখানার অনুদানের পরিমাণেও পার্থক্য রয়েছে। তবে অনেক প্রতিষ্ঠানে জায়গা ও অর্থের অভাবে আলাদা শ্রেণিকক্ষ কিংবা আবাসন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয়নি।

অনুদানের হিসাবের বাইরে প্রতিটি শিশুর রয়েছে একটি করে স্বপ্ন। কেউ হতে চায় হাফেজ, কেউ শিক্ষক, কেউবা নিজের পায়ে দাঁড়াতে চায়। সেই স্বপ্ন পূরণে শুধু এতিমখানার চার দেয়াল নয়, প্রয়োজন রাষ্ট্র, সমাজ ও সামর্থ্যবান মানুষের সম্মিলিত দায়িত্ব।

তাদের কারও নেই ফেরার ঘর, কারও নেই খোঁজ নেওয়ার মানুষ। তবু প্রতিদিন ফজরের আজানের সঙ্গে শুরু হয় নতুন স্বপ্নের পথচলা। সেই স্বপ্নগুলো বাঁচিয়ে রাখার দায়িত্ব শুধু এতিমখানার নয়, সমাজের সবার, মনে করেন সংশ্লিষ্টরা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)