শাহারুল ইসলাম ফারদিন
, যশোর
আমন ধান কাটার মৌসুম শুরু হয়েছে। বাজারে আসতে শুরু করেছে নতুন ধান ও চাল। বড় ব্যবসায়ী ও চালকল মালিকদের গুদামেও রয়েছে পর্যাপ্ত মজুদ। তারপরও চালের বাজারে স্বস্তি নেই।
এক মাসের ব্যবধানে ৫০ কেজির বস্তায় চিকন ও মাঝারি চালের দাম বেড়েছে ৫০ থেকে ১০০ টাকা। অর্থাৎ প্রতি কেজিতে দাম বেড়েছে এক থেকে দুই টাকা। এতে বাড়তি চাপে পড়েছেন নিম্নবিত্তরা।
শুক্রবার যশোরের বড়বাজারের হাটচান্নি চালপট্টি ও পালবাড়ি বাজার ঘুরে দেখা গেছে, জাত ও মানভেদে প্রতি কেজি চাল বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৯০ টাকায়। পাইকারি বাজারে মোটা চাল (স্বর্ণা ও ব্রি-২৮) বিক্রি হচ্ছে ৪৪ থেকে ৫২ টাকা কেজি দরে। খুচরা পর্যায়ে ব্রি-২৮ চাল ৫৪ টাকা, কাজললতা ৪৮ থেকে ৫০ টাকা এবং মিনিকেট ৫৫ থেকে ৫৬ টাকা দরে বিক্রি হচ্ছে। বাসমতি চালের দাম ৭৪ থেকে ৭৬ টাকা এবং নাজিরশাইল ৮৮ থেকে ৯০ টাকা কেজি। মান ও ব্র্যান্ডভেদে দামে কিছুটা পার্থক্য রয়েছে।
বড়বাজারের হাটচান্নি চালপট্টির উত্তম ট্রেডার্সের মালিক উত্তম সাহা জানান, বর্তমানে ২৫ কেজির মিনিকেট চালের বস্তা বিক্রি হচ্ছে এক হাজার ৪০০ টাকায়, বাসমতি চাল এক হাজার ৮৫০ টাকা এবং নাজিরশাইল দুই হাজার ২০০ থেকে দুই হাজার ২৫০ টাকায় বিক্রি হচ্ছে।
কেজিপ্রতি হিসেবে মিনিকেট ৫৬ টাকা, বাসমতি ৭৪ টাকা এবং নাজিরশাইল ৮৮ থেকে ৯০ টাকা। এছাড়া ব্রি-২৮ চাল ৫০ কেজির বস্তা এক হাজার ২৫০ থেকে এক হাজার ৩০০ টাকা, মোটা চাল এক হাজার ১০০ থেকে এক হাজার ১২৫ টাকা এবং কাজললতা এক হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
অসিত স্টোরের মালিক অসিত সাহা বলেন, খুচরা পর্যায়ে ২৫ কেজির মিনিকেট চালের বস্তা বিক্রি হচ্ছে এক হাজার ৪০০ টাকায়। পাইকারিতে একই বস্তা এক হাজার ৩২৫ থেকে এক হাজার ৩৫০ টাকা। বাসমতি চালের ২৫ কেজির বস্তা খুচরায় এক হাজার ৯০০ এবং পাইকারিতে এক হাজার ৮৫০ টাকা। ব্রি-২৮ চাল খুচরা পর্যায়ে কেজি ৫৪ টাকা এবং পাইকারিতে ৫০ থেকে ৫২ টাকা। মোটা চাল খুচরায় ৪৫ থেকে ৪৬ টাকা এবং পাইকারিতে ৪৪ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাজললতা চালের বস্তা পাইকারিতে এক হাজার ২০০ ও খুচরায় এক হাজার ৩০০ টাকা।
ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী, এক মাসের ব্যবধানে ৫০ কেজির বস্তায় চিকন ও মাঝারি চালের দাম বেড়েছে ৫০ থেকে ১০০ টাকা।
পালবাড়ি বাজারে চাল কিনতে আসা আরিফ হোসেন বলেন, ‘আগে সপ্তাহে পাঁচ কেজি চাল কিনতাম যে দামে, এখন সেই টাকায় একই পরিমাণ চাল পাওয়া যাচ্ছে না। নতুন ধান উঠছে, তারপরও দাম বাড়ার কারণ বুঝতে পারছি না।’
আরেক ক্রেতা রোস্তম আলী বলেন, বাজারে গেলে প্রায় সব নিত্যপণ্যের দাম নিয়ে চিন্তা করতে হয়। চালের দাম বাড়লে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ওপর সবচেয়ে বেশি চাপ পড়ে। ব্যবসায়ীরা একেক সময় একেক কারণ দেখান। বাজার তদারকি করে দাম নিয়ন্ত্রণে রাখা উচিত।
ব্যবসায়ীরা বলছেন, মিলগেটে চালের দাম বাড়ায় খুচরা বাজারেও এর প্রভাব পড়ছে। এর সঙ্গে যুক্ত হচ্ছে পরিবহন ও অন্যান্য খরচ।
পালবাড়ি বাজারের ইসরাইল ট্রেডার্সের মালিক ইসরাইল হোসেন বলেন, মিল থেকে আগের দামে চাল পাওয়া যাচ্ছে না। মিলমালিকরা বস্তাপ্রতি দাম বাড়িয়েছেন। বেশি দামে কিনতে হলে বেশি দামেই বিক্রি করতে হয়। খুচরা ব্যবসায়ীদের এখানে কিছু করার থাকে না।
একই বাজারের বিক্রেতা জসিম উদ্দিন জানান, পাইকারি ব্যবসায়ীদের কাছে পর্যাপ্ত চাল রয়েছে। বাজারে দাম বাড়ার পেছনে খুচরা ব্যবসায়ীদের একার কোনো ভূমিকা নেই। মিলগেট থেকে পরিবহন পর্যন্ত খরচ বেড়েছে। পাইকারি বাজারেও বেশি দামে চাল কিনতে হচ্ছে। তবে দাম বাড়ায় ক্রেতারা আগের মতো একসঙ্গে বেশি চাল কিনছেন না। অনেকে প্রয়োজন অনুযায়ী অল্প অল্প করে চাল নিচ্ছেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান বলেন, চালের দাম বাড়ার কারণ খতিয়ে দেখা হচ্ছে। মিলগেট থেকে পাইকারি ও খুচরা পর্যায়ে কী দামে চাল বিক্রি হচ্ছে, তা যাচাই করা হচ্ছে। কোনো ব্যবসায়ী অযৌক্তিকভাবে দাম বাড়ালে কিংবা অবৈধভাবে মজুদ রেখে বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বাজারে নিয়মিত তদারকিও করা হচ্ছে বলে তিনি জানান।