যশোরের ক্রীড়াঙ্গন: সম্ভাবনা, সংকট ও প্রত্যাশা-১
রাব্বি আল-আমিন
, যশোর
একসময় যে মাঠে রচিত হয়েছে দেশের ক্রীড়াঙ্গনের গৌরবোজ্জ্বল ইতিহাস, সেই ঐতিহাসিক শামস-উল-হুদা স্টেডিয়াম এখন দীর্ঘদিনের অবহেলা ও অবকাঠামোগত সংকটে জর্জরিত। ভাঙা গ্যালারি, জলাবদ্ধতা ও অনুপযোগী মাঠে থমকে আছে যশোরের ক্রীড়াঙ্গন। দীর্ঘদিন বড় ধরনের সংস্কার না হওয়ায় হারাতে বসেছে স্টেডিয়ামটির ঐতিহ্য।
এমন পরিস্থিতিতে প্রায় সাড়ে ৩৪ কোটি টাকা ব্যয়ে স্টেডিয়ামটি আধুনিকায়নের উদ্যোগ নতুন আশার সঞ্চার করেছে। তবে স্থানীয় খেলোয়াড়, সংগঠক ও ক্রীড়াপ্রেমীদের দাবি, কেবল নামমাত্র সংস্কার নয়, প্রয়োজনীয় অর্থ বরাদ্দ বাড়িয়ে স্টেডিয়ামটিকে পূর্ণাঙ্গ আধুনিক ক্রীড়াকেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে।
সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, ১৯৫৯ সালের ৫ জানুয়ারি স্টেডিয়ামটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। নির্মাণকাজ শেষ হয় ১৯৬৪ সালে। শুরুতে এর নাম ছিল রুহুল কুদ্দুস স্টেডিয়াম। এর আগে ১৯৪৯ সালে যশোরে ক্রীড়া সংস্থা গঠিত হয়। স্টেডিয়ামটির প্রাথমিক ক্ষেত্র ছিল ৭ দশমিক ৯ একর। স্থাপনাসহ মোট জমির পরিমাণ ছয় একর ৯৫ শতক। এর মধ্যে মূল মাঠের আয়তন পাঁচ একর ৯১ শতক। ১৯৮৮ সালে ক্রীড়াবিদ ও সংগঠক শামস-উল-হুদার নামে স্টেডিয়ামটির নামকরণ করা হয়।
প্রতিষ্ঠার পর থেকেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে অবদান রেখেছে এ মাঠ। ১৯৭৬ সালে জাতীয় ফুটবল দলে যশোরের নয়জন খেলোয়াড় একসঙ্গে খেলার সুযোগ পান।
ফুটবল ও ক্রিকেট—দুই খেলার উপযোগী করে নির্মিত এ স্টেডিয়ামে ২০০০ সাল থেকে প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’ ক্রিকেট অনুষ্ঠিত হয়ে আসছে। ২০১৪ সালে এখানে এশিয়ান কাপ এবং ২০১৬ সালে বঙ্গবন্ধু গোল্ড কাপের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। একই বছর বাংলাদেশ ও শ্রীলঙ্কা জাতীয় ফুটবল দলের আন্তর্জাতিক ম্যাচে বিপুল দর্শক সমাগম ঘটে।
ক্রিকেটের ইতিহাসেও রয়েছে এ মাঠের অবদান। শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৭ দলের খেলোয়াড়েরা নিয়মিত এ মাঠে খেলেছেন। বর্তমান বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ক্রিকেট দলের অধিনায়কেরও উঠে আসা এ মাঠ থেকে। ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি জেলা ও আঞ্চলিক পর্যায়ে হকি, হ্যান্ডবল, খো খো ও মল্লক্রীড়ার আয়োজনও হয়ে থাকে এখানে।
দেশের অধিকাংশ ক্রীড়া স্থাপনার মতো এ স্টেডিয়ামও জাতীয় ক্রীড়া পরিষদের অধিভুক্ত। স্থানীয়ভাবে এর তত্ত্বাবধানে রয়েছে যশোর জেলা ক্রীড়া সংস্থা।
অবহেলায় হারিয়েছে মাঠের প্রাণ
২০০৫ সালের পর থেকে স্টেডিয়ামটিতে কার্যকর বড় ধরনের সংস্কার বা উন্নয়নকাজ হয়নি। দীর্ঘদিনের অবহেলায় একসময়ের প্রাণচঞ্চল মাঠটি ক্রমেই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। ২০২২ সালের নভেম্বর মাসে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভার জন্য স্টেডিয়ামের উত্তর পাশের গ্যালারি ভেঙে ফেলা হয়। ওই জনসভায় দাঁড়িয়ে তখনকার প্রধানমন্ত্রী স্টেডিয়ামের অবকাঠামোগত উন্নয়নে বরাদ্দ দেওয়ার আশ্বাস দিলেও তা তার শাসনামলে আলোর মুখ দেখেনি। এমনকি ভেঙে ফেলা গ্যালারিটিও আর নির্মাণ করা হয়নি। পরে সেখানে অস্থায়ী প্রাচীর তোলা হয়।
উন্নয়নের আশ্বাস বারবার মিললেও বাস্তবে কাজের অগ্রগতি না থাকায় মাঠের অবস্থা আরও খারাপ হয়েছে। বড় টুর্নামেন্ট ও প্রতিযোগিতামূলক খেলাধুলা প্রায় বন্ধ। নিয়মিত অনুশীলনের পরিবেশ না থাকায় নতুন খেলোয়াড় তৈরির পথও সংকুচিত হয়ে পড়েছে। যে মাঠ একসময় জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরিতে ভূমিকা রেখেছে, সেখানে এখন নতুন প্রতিভা বিকাশের সুযোগ সীমিত।
সাড়ে ৩৪ কোটি টাকার প্রকল্পে আশার আলো
দীর্ঘদিনের এ দুরবস্থা কাটাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের উদ্যোগে ৩৪ কোটি ৪৫ লাখ টাকার একটি প্রকল্পে অর্থায়নে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। গত ৩ সেপ্টেম্বর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব উম্মে ইসরাত স্বাক্ষরিত চিঠিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জাতীয় ক্রীড়া পরিষদকে নির্দেশনা দেওয়া হয়। প্রকল্পের পুরো অর্থ সরকারি অনুদান হিসেবে বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পরপরই স্টেডিয়ামের উন্নয়নে এ উদ্যোগ স্থানীয় ক্রীড়ামোদী ও সাধারণ মানুষের মধ্যে আশার সঞ্চার করেছে। তবে তাদের প্রত্যাশা, বর্তমান বরাদ্দের পাশাপাশি প্রয়োজনে আরও অর্থ দেওয়া হোক, যাতে স্টেডিয়ামটিকে পূর্ণাঙ্গ আধুনিক ও আন্তর্জাতিক মানের ক্রীড়াভেন্যু হিসেবে গড়ে তোলা যায়।
মাঠে ফেরার আকুতি খেলোয়াড়দের
নতুন বরাদ্দকে যশোরের ক্রীড়াঙ্গনের জন্য ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন খেলোয়াড় ও সংগঠকেরা। তাদের মতে, শুধু অবকাঠামো সংস্কার করলেই হবে না, মাঠে নিয়মিত খেলাধুলা ও অনুশীলনের পরিবেশও নিশ্চিত করতে হবে।
ক্রিকেট খেলোয়াড় মনিরুল ইসলাম সোহেল বলেন, দীর্ঘদিন ধরে যশোরের ক্রীড়াঙ্গনে যে দৈন্যদশা চলছিল, তা কাটাতে বরাদ্দের উদ্যোগে তারা আনন্দিত। এখন তাদের প্রত্যাশা, মাঠ ও স্টেডিয়ামের যথাযথ সংস্কারের পাশাপাশি খেলার মানও বাড়ানো। আগে এ মাঠে আন্তর্জাতিক খেলা হয়েছে বলে শুনেছেন, তবে নিজেরা তা দেখার সুযোগ পাননি। ভবিষ্যতে আবারও এখানে আন্তর্জাতিক মানের খেলা আয়োজনের পাশাপাশি ক্রিকেট-ফুটবলসহ সব ধরনের খেলাধুলার পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, মাঠের দুরবস্থার কারণে জেলার অনেক ভালো খেলোয়াড় নিয়মিত অনুশীলনের সুযোগ পাচ্ছেন না। অনুশীলনের প্রয়োজনীয় সুবিধা বাড়ানো গেলে নতুন খেলোয়াড় তৈরি হবে। একসময় যশোরে অনেক ভালো খেলোয়াড় থাকলেও এখন তাদের সংখ্যা কমছে। এর অন্যতম কারণ মাঠের অনুপযোগী পরিবেশ। তাই স্টেডিয়ামটি দ্রুত সংস্কার করে নিয়মিত খেলাধুলা চালুর দাবি তার।
সাবেক খেলোয়াড় ইউসুফ হাসান বলেন, দীর্ঘদিনের অবহেলাই যশোরের মাঠের প্রধান সমস্যা। মাঠের উচ্চতা অন্তত চার থেকে পাঁচ ফুট বাড়ানো প্রয়োজন। সামান্য বৃষ্টিতেই মাঠে পানি জমে যায়, দশ থেকে ১৫ দিন খেলা বন্ধ থাকে। এতে মৌসুমি খেলাগুলো ব্যাহত হয়। বৃষ্টির মধ্যে ফুটবল খেলাও কঠিন হয়ে পড়ে। মাঠের এই সমস্যার সমাধান না হলে নিয়মিত খেলাধুলা চালু রাখা সম্ভব নয়।
স্থানীয় ক্রীড়া সংগঠকদেরও অভিযোগ, মাঠের উচ্চতা কম থাকায় সামান্য বৃষ্টিতেই দীর্ঘ সময় খেলা বন্ধ রাখতে হয়। নিয়মিত অনুশীলনের সুযোগ না থাকায় নতুন প্রজন্মের প্রতিভাবান খেলোয়াড় তৈরিও বাধাগ্রস্ত হচ্ছে।
আন্তর্জাতিক ভেন্যু করার সম্ভাবনা
ক্রীড়া সংগঠক চিন্ময় সাহা বলেন, পাকিস্তান আমল ও স্বাধীনতার পর যশোর স্টেডিয়ামে অনেক আন্তর্জাতিক খেলা হয়েছে। পরবর্তী সময়ে নানা কারণে তা বন্ধ হয়ে যায়। দেশের বিভিন্ন স্টেডিয়ামের তুলনায় যশোরে কিছু বিশেষ সুবিধা থাকা সত্ত্বেও আন্তর্জাতিক খেলা আয়োজনের ধারাবাহিকতা ধরে রাখা সম্ভব হয়নি।
তিনি বলেন, নতুন বরাদ্দের ফলে স্টেডিয়ামটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করার বিষয়টি নতুন করে ভাবার সুযোগ তৈরি হয়েছে। আন্তর্জাতিক খেলা আয়োজনের জন্য প্রয়োজনীয় অনেক লজিস্টিক সুবিধা যশোরে রয়েছে। এখানে বিমানবন্দর আছে, আধুনিক হোটেল গড়ে উঠেছে, ভবিষ্যতে আরও হবে। খেলোয়াড়েরা খেলা শেষে একই দিনে ঢাকাসহ দেশের অন্য প্রান্তে ফিরে যেতে পারবেন। ফলে আবাসনের চাপও কমবে।
তার মতে, স্থানীয় পর্যায়ের খেলাধুলার পাশাপাশি আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা আয়োজন করা গেলে খেলোয়াড় ও দর্শক—উভয়ের আগ্রহ বাড়বে। এতে যশোরের ক্রীড়াঙ্গন যেমন সমৃদ্ধ হবে, তেমনি দেশজুড়েও এ জেলার সুনাম ছড়িয়ে পড়বে।
আরেক ক্রীড়া সংগঠক সোহেল মাসুদ হাসান টিটো জানান, স্টেডিয়ামকে কেন্দ্র করে তাদের একটি পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান রয়েছে। এর মধ্যে মাঠের মাটি উন্নয়ন, চারপাশের গ্যালারি সংস্কার এবং মূল ভবন ভেঙে নতুন করে নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ পরিকল্পনা অনুসরণ করেই উন্নয়নকাজ এগিয়ে নেওয়া প্রয়োজন।
তিনি বলেন, স্টেডিয়ামের প্রয়োজনীয় উন্নয়ন সম্পন্ন করতে প্রায় ৫০ কোটি টাকা প্রয়োজন হতে পারে। ইতিমধ্যে প্রায় ৩৫ কোটি টাকার বরাদ্দের উদ্যোগ নেওয়া হয়েছে। এ অর্থ দিয়ে পরিকল্পনার যতটুকু বাস্তবায়ন সম্ভব, তা শুরু করা উচিত। কাজ শুরু হলে পরবর্তী সময়ে আরও বরাদ্দ এনে পূর্ণাঙ্গ স্টেডিয়াম গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি আশাবাদী।
পূর্ণাঙ্গ সংস্কারের দাবি
স্থানীয় ক্রীড়াপ্রেমীদের প্রত্যাশা, বর্তমান বরাদ্দের মধ্যে উন্নয়নকাজ সীমাবদ্ধ না রেখে প্রয়োজনে বাজেট বাড়ানো হবে। তাদের মতে, নতুন প্রজন্মের খেলোয়াড়দের জন্য আধুনিক প্রশিক্ষণ ও খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে স্টেডিয়ামটির পূর্ণাঙ্গ সংস্কার জরুরি।
স্থানীয় বাসিন্দা তসলিমুর রহমান বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রধান এ মাঠের বর্তমান দুরবস্থার মূল কারণ দীর্ঘদিন ধরে নিয়মিত খেলাধুলা না হওয়া। একটি মাঠে নিয়মিত খেলা থাকলে তার প্রয়োজনীয় সংস্কার ও পরিচর্যাও হয়। কিন্তু মাঠের অব্যবস্থাপনা ও পরিচর্যার অভাবে যশোর থেকে জাতীয় পর্যায়ের অনেক প্রতিভাবান খেলোয়াড় উঠে আসার সুযোগ হারিয়েছে।
জাতীয় ও আন্তর্জাতিক মানের ভেন্যু চান স্থানীয়রা
প্রেসক্লাব যশোরের সহসভাপতি সরোয়ার হোসেন বলেন, যশোর স্টেডিয়ামের উন্নয়নে বরাদ্দের উদ্যোগের পেছনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তার বাবা বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলাম যশোরের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। তার মৃত্যুর পর যশোরের উন্নয়নে উল্লেখযোগ্য উদ্যোগ দেখা যায়নি।
সরোয়ার হোসেন বলেন, অনিন্দ্য ইসলাম অমিত নির্বাচিত হওয়ার পর এবং বিএনপি সরকার গঠনের পর যশোরের উন্নয়নে বিভিন্ন ক্ষেত্রে তার উদ্যোগ ও ভূমিকা দৃশ্যমান হচ্ছে। স্টেডিয়ামের উন্নয়নেও তার প্রচেষ্টা গুরুত্বপূর্ণ।
বরাদ্দ এখনো চূড়ান্ত হয়নি
যশোরের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক মোহাম্মদ আশেক হাসান বলেন, যশোর স্টেডিয়াম অত্যন্ত ঐতিহ্যবাহী ও পুরোনো একটি ক্রীড়া স্থাপনা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে গত ১৭ বছর এটি অব্যবস্থাপনার মধ্যে ছিল। বরাদ্দ এলেও তা যথাযথভাবে ব্যয় করা হয়নি। ফলে স্টেডিয়ামের অবস্থা অত্যন্ত করুণ হয়ে পড়েছে। এখানে ব্যাপক সংস্কার ও উন্নয়ন প্রয়োজন ছিল, কিন্তু তা করা হয়নি।
তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরপরই যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। স্টেডিয়ামের উন্নয়নে প্রায় সাড়ে ৩৪ কোটি টাকার একটি প্রস্তাব পরিকল্পনা পর্যায়ে রয়েছে। এখনো বরাদ্দ পাওয়া যায়নি। এ উদ্যোগের পেছনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের ভূমিকা রয়েছে। বাংলাদেশের যে দুই-তিনটি জেলায় এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, তার মধ্যে যশোরও রয়েছে।
জেলা প্রশাসক আরও বলেন, সরকারের এ সহায়তাকে কাজে লাগিয়ে জেলা স্টেডিয়াম কমিটি ও ক্রীড়া সংস্থাকে সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। যশোরের হারানো ক্রীড়া ঐতিহ্য ফিরিয়ে আনতে তারা কাজ করছেন। এ বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। দ্রুত স্টেডিয়ামটিকে উন্নতমানের ক্রীড়াকেন্দ্রে রূপান্তর করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।