আজমল হোসেন জুয়েল
, তালা (সাতক্ষীরা)
সাতক্ষীরার তালায় অর্থের বিনিময়ে ভুয়া তথ্য ও কাগজপত্র ব্যবহার করে বহিরাগতকে জন্মসনদ দেওয়ার খবর প্রকাশের পর তোলপাড় শুরু হয়েছে।
উপজেলার সরুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ মাসুদ রানা ও সাবেক সচিব শহিদুল ইসলামের জালিয়াতির সংবাদ প্রকাশের পর তা ধামাচাপা দিতে এক প্রতিবাদ বিবৃতি দিয়েছেন প্যানেল চেয়ারম্যান শেখ মাসুদ রানা। নিজের দায় এড়াতে তৎকালীন ইউপি সচিব শহিদুল ইসলামের ওপর দোষারোপের চেষ্টা করেছেন।
এদিকে, সুবর্ণভূমিতে ‘জন্মসনদ জালিয়াতির’ খবর প্রকাশের পর সরুলিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান শেখ মাসুদ রানার বিরুদ্ধে আরও একাধিক ভুয়া জন্মনিবন্ধন প্রস্তুত ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম-দুর্নীতির তথ্য সামনে আসতে শুরু করেছে। স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীদের কাছ থেকে একের পর এক অভিযোগ উঠতে থাকায় বর্তমানে সেসব তথ্যের সত্যতা নিশ্চিতে অনুসন্ধানে নেমেছেন সংবাদকর্মীরা।
প্রকাশিত সংবাদের বিপরীতে দেওয়া প্রতিবাদ বিবৃতিতে প্যানেল চেয়ারম্যান শেখ মাসুদ রানা দাবি করেন, তার ইউনিয়ন পরিষদ থেকে কোনো কালার প্রিন্টের জন্মসনদ দেওয়া হয় না।
অথচ, সরেজমিনে পাওয়া ওই ভুয়া জন্মসনদের নথিতে দেখা যায়, সেটি কালার প্রিন্ট এবং তাতে স্পষ্টাক্ষরে প্যানেল চেয়ারম্যান শেখ মাসুদ রানারই স্বাক্ষর রয়েছে।
প্রশ্ন উঠেছে, ডিজিটাল বা ম্যানুয়াল যে পদ্ধতিতেই সনদ ইস্যু হোক না কেন, ইউপি প্যানেল চেয়ারম্যানের স্বহস্তে দেওয়া স্বাক্ষর ও সিলমোহর ছাড়া কীভাবে অন্য উপজেলার বাসিন্দার জন্মসনদ ইস্যু হলো?
উল্লেখ্য, সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহ এলাকার বাসিন্দা আপন শেখ নামে এক যুবক ১৫ হাজার টাকার বিনিময়ে অনৈতিকভাবে সরুলিয়া ইউপি থেকে ভুয়া জন্মসনদ বাগিয়ে নেন। পরবর্তীতে উক্ত সনদ দিয়ে এনআইডি করতে গেলে তালা উপজেলা নির্বাচন অফিসের সার্ভারে ধরা পড়ে, একই ব্যক্তির নামে তিনটি ভিন্ন স্থান থেকে সনদ নেওয়া হয়েছে।
স্থানীয় অধিবাসীরা জানান, প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে এটিই প্রথম অভিযোগ নয়। এর আগেও তার বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও হরিলুটের সংবাদ সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল। একের পর এক জালিয়াতি ও প্রকল্পের অনিয়ম প্রকাশ্যে আসায় এলাকায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা আগেই জানিয়েছেন, অভিযোগের সত্যতা পেলে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।