মো. মিজানুর রহমান
ডি এইচ লরেন্স তার ‘সান্স অ্যান্ড লাভারস’ উপন্যাসে দেখিয়েছিলেন যে, মা মিসেস মোরেল তার বৈবাহিক জীবনে অসন্তুষ্ট ছিলেন এবং তার সন্তানদের আঁকড়ে জীবন কাটাতে চেষ্টা করছিলেন। প্রথমে বড় ছেলে উইলিয়াম এবং পরবর্তীতে ছোট ছেলে পলকে আঁকড়ে জীবন পার করছিলেন। পলের ক্ষেত্রে বিষয়টি মারাত্মক হয়ে গিয়েছিল। তার জীবনে কোনো মেয়েকে ভীড়তে দেননি মা। অবশেষে মা মারা গেলেও পল তার দুই নায়িকার কাউকেই সহযাত্রী হিসেবে পাননি। একাকী হয়ে পড়েন।
লেখক দেখিয়েছিলেন, মিসেস মোরেল ছেলেকে স্বামীর বিকল্প হিসেবে নিয়েছে এবং স্বামীকেও যেমন পরস্ত্রী বা নারী হতে দূরে সরিয়ে রাখেন ছেলেদের ক্ষেত্রেও মা তাই করেছেন। মা তার নিজ ছেলের ওপর কর্তৃত্ব রাখতেই মূলত তাকে নারী/মেয়েদের থেকে দূরে সরিয়ে রাখতেন।
মানিক বন্দ্যোপাধ্যায় তার ‘জননী’ উপন্যাসে দেখিয়েছেন মা, শ্যামা তার ছেলে বিধানের বউকে তার রূপ-যৌবনের জন্য ঈর্ষা করছেন। বৌমার প্রতি অবিচার করছেন। আবার যখন বিধানের সন্তান হলো তখন আবার শ্যামার মাতৃহৃদয় জেগে ওঠে। এখানে জননী বারবার জননী হয়ে উঠলেও ছেলের বউ বা প্রেমিকার ক্ষেত্রে জননীদের মধ্যে ইতিবাচক মনোভাব গড়ে ওঠে না।
সাহিত্য শুধু রস ছড়ায় না। মানুষের ভেতরকার ভাবনাকে ফুটিয়ে তোলে। মনস্তাত্ত্বিক বিষয়াদির সুন্দর উপস্থাপনার মাধ্যমে একটি দর্শন দাঁড় করায়, ভবিষ্যৎ দেখায়। ইংরেজি সাহিত্য আমার কাছে পাথুরে জীবনের গল্প মনে হয়, যেখানে বাংলা সাহিত্য সবুজে ঘেরা নরম মনে হয়। অথচ দুই সাহিত্যেই নারীর জননী চরিত্র এক এবং অদ্বিতীয়। দেশ, কাল, পাত্র ভেদে তাদের এই স্বভাবের কোনো পরিবর্তন নেই। পর্দা-বেপর্দার প্রশ্নে ভিন্নতা থাকলেও জীবন ও জীবনাচারে তেমন পার্থক্য নেই।
সম্প্রতি পারিবারিক কলহ এবং বিবাহ বিচ্ছেদসহ নারীর প্রতি সহিংস আচরণ বেড়েই চলেছে। নারী নানাবিধ বৈষম্যের শিকার হচ্ছে। বিশেষ করে বিবাহ-পরবর্তী জীবনে নারীর প্রতি বৈষম্য এবং নারীর বৈষম্যবোধ বেশি লক্ষণীয়। আমরা যারা নব্বই দশকে জন্মেছি তারা নারীর তিনটি রূপ ইতোমধ্যে দেখতে পেরেছি। দাদি-নানি, মা-শাশুড়ি, এবং বোন-স্ত্রী-শ্যালিকা-ভাবি। নানি-মা-বোন এই তিনের মধ্যে বোনকে আমার মা যতটা পেরেছেন সুবিধা দিয়ে মানুষ করেছেন। মাকেও নানি তাই করেছেন। নানিকে তার মাও সেটাই করেছেন। প্রত্যেক মা-ই তাই করেন। তার সন্তানকে (ছেলে/মেয়ে) সর্বোচ্চ সুবিধায় রেখে মানুষ করেন।
তাহলে বিপত্তিটা কোথায়? বিপত্তিটা হচ্ছে বিবাহ-পরবর্তী এইসকল মা তার মেয়ে/ছেলের সংসারে কতোটা প্রভাব ফেলছেন তার ওপর। আগের মায়েরা মেয়েকে বিয়ে দিয়ে ভিন্ন সংসারে পাঠিয়ে দিতেন। সেই সংসারে যদি শাশুড়ির প্রয়োজন হতো, অল্পসময়ে তা সামলে নিজের সংসারে ফিরতেন। স্বামী না থাকলে ছেলের সংসারই তার সংসার হিসেবে ধরে নিতেন। মেয়ের সংসারে যদি কোনো জটিলতাও সৃষ্টি হতো, তা দেখার দায়িত্ব মায়ের ছিল না। সেটাও মেয়ের বাবা অথবা ভাই দেখতেন।
আর আমাদের মায়েরা আমাদেরকে অত্যধিক যত্নে মানুষ করেছেন। আমাদের বাবারাই মনে হয় প্রথম, যারা স্ত্রী-সন্তানের সুখ বিবেচনায় নিয়ে একক পরিবার বেছে নিতে বাধ্য হয়েছেন। আমাদের মায়েদের সেটাই দাবি। যৌথ সংসারে প্রচুর টানাটানিতে সংসার বড় থাকলেও তাতে নাকি সুখ ছিল না। নতুন নতুন বউয়েরা এসে নিত্যনতুন যন্ত্রণা শুরু করতেন যৌথ সংসারে। কোন ভাই সংসারে কত দেন? কোন বউ সংসারে কতটা খাটেন? বউদের এই রকম জিজ্ঞাসা থেকেই একক পরিবারের জন্ম। তারপর বউ-বাচ্চার কথা ভেবেই ছেলেদের কেউ এক ভিটেয় পৃথক ঘর অথবা শহর বেছে নিয়েছে।
শহরের সংসার হোক অথবা গ্রামের সংসার, অধিকাংশের ছিল ক্ষুদ্র পরিবার। স্বামী-সন্তান নিয়ে পরিবার। তাদের মা-শ্বাশুড়িদের মতো ৮- ১০টা করে সন্তানও ছিল না। সর্বাধিক ৩-৪টি সন্তান, অনেকের মাত্র একটি। গ্রামের মায়েদের সংসারে গরু, গোয়াল, গোলা সব ছোট হয়ে আসায় সংসারের কাজ শেষে সন্তানদের বিশেষ যত্ন করার সুযোগ পেয়েছেন, যা তার মা-শাশুড়ি পাননি। আবার যারা শহরে থেকেছেন, তাদের তো বারান্দা-উঠোন পর্যন্ত উঠে গিয়েছিল। ড্রয়িং রুমে বসে বাচ্চাদের মানুষ করার সুযোগ পেয়েছেন। ছেলেদেরকে কিছুটা স্বাধীনতা দিলেও মেয়েদেরকে যক্ষের ধন করে মানুষ করেছেন। আমাদের খালা-ফুফুদের যতটা বাড়ির কাজ করতে দেখা গেছে, বোনদেরকে তার অর্ধেকও না। মায়েরা মেয়ের হাত পুড়ে যাবে ভেবে রান্না শেখাননি, রুচি নিচে নেমে যাবে ভেবে সবার সাথে মিশতে দেননি এবং সেই ড্রয়িং রুমের কোচিংয়ে জীবনে কী কী করলে ভালো থাকা যায় তার দীক্ষা দিয়েছেন। দিন শেষে শহরে দু-চারজন আত্মীয় বেড়াতে এসেছেন, তাদের সাথেও কীভাবে গুনেগেথে মিশতে হবে তা শিখিয়েছেন এবং এই শিক্ষাটার যতটা প্রয়োজন ছিল তার অধিক।
মেয়েদের বিশেষ যত্নের প্রয়োজন আছে। আমাদের দেশে মেয়েদের নিরাপদ জীবন গড়ে দেওয়া প্রত্যেক মায়ের দায়িত্ব। তবে মেয়ের নিরাপত্তা খুঁজতে গিয়ে তার ভাবনা-চিন্তার স্বাধীনতাকে গুটিয়ে ছোট করে দেওয়াটা তার দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব ফেলে। ছোট সংসারের অল্প কাজ মায়েরা তাদের মেয়েদের সাথে শেয়ার করেন না। অতিথিদের কীভাবে আপ্যায়ন করতে হয় মেয়েরা শিখতে পারেন না, অধিক মেহমান এলে কীভাবে সামলাতে হয় বুঝাতে পারেন না। মোট কথা, সাংসারিক শিক্ষাটা মেয়েদেরকে তাদের মায়েরা শেখান না, যদিও শেখান তা শৌখিনতা মাত্র।
বাবারা আরও যত্নশীল। মায়েরা যদি মেয়েকে এক কাপ চা বানিয়ে আনতে বলেন, বাবা সেই মায়ের ওপর চড়াও হন। ‘তোমার মায়ের মতো অযত্নে আমার মেয়েকে মানুষ করবো না। আমার রাজ্যে আমার মেয়ে রাজকন্যা।’ সব মেয়েই তার বাবার কাছে রাজকন্যা আর স্ত্রী হচ্ছেন দাসী। এভাবে আমাদের সময়ের অনেক মেয়েই সাংসারিক শিক্ষাটা পাননি। সামাজিকতা শেনেখনি। না শিখলে কোনো ক্ষতিও হতো না। যদি মেয়েদের দাসী হয়ে অন্যের সংসারে যেতে না হতো। বলবেন, মেয়েদেরকে ‘দাসী’ বলে তাদের ছোট করলাম। হ্যাঁ ছোট করা হয়। এই ছোট পুরুষেরা করেন না। প্রতিটি পুরুষ, সে রাজপুত্র বা চামারপুত্র, জীবনসঙ্গী হিসেবেই রাজকন্যাকে বিয়ে করে ঘরে আনেন এবং রাজরানীর মর্যাদায় রাখতে চেষ্টা করেন। বিপত্তি বাধে ওই নারীকুল নিয়েই।
ছেলে বর হিসেবে যাত্রা শুরুর পরেই দু’চোখ ছেড়ে কাঁদতে শুরু করেন মা। তার ছেলে পর হতে চলেছে এবং ছেলে স্ত্রীসমেত বাড়ি ফিরলে পরাণে পাথর বেঁধে বউ বরণ করেন। ছেলের জীবনের সবকিছুই মায়েরা মেনে নিতে পারেন, শুধু বউটা। অবশ্য তারাও এর পেছনে প্রচুর যৌক্তিক কারণ দাঁড় করাতে পারেন, যার সাথে ভিন্নমত হওয়া কঠিন এবং এই মায়েরই মেয়ে অন্য বাড়ির বউ হয়ে সুখে নেই হয়তো। সেখানকার শাশুড়িরও অনেক যৌক্তিক কারণ আছে। যাই হোক, মন খাজা কাঁঠালের মতো শক্ত করে পুত্রবধূকে ঘরে তোলেন ছেলের মায়েরা।
তারপর শাশুড়ি চান সংসারের টুকিটাকি কাজ যেন তার পুত্রবধূ করে দেন। এই সকালের চা, রুটি, ডিম ভাজি করলেন। দুপুরে মুরগিটা কেটে দিলেন, রাতে দুধটা জ্বালিয়ে দিলেন—এইরকম আর কী! নতুন বউ হিসেবে আনন্দে যতটা পারেন করতে চেষ্টা করেন এবং ৩০ বছর সংসার করা শাশুড়ির চোখে নতুন বউয়ের ডিম ভাজা ভালো লাগে না। তেল বেশি হয়ে যায়, লবণ কম হয়ে যায়, চায়ে চিনি বেশি হয়ে যায়, মাংসের পিস ছোট হয়ে যায়, মুরগির ডানায় পালক থেকে যায়, দুধ পুড়ে যায়, ফ্যান সারাদিন ঘোরে, টেলিভিশনে জোরে শব্দ হয়, রান্নায় তেল ছিটে গায়ে আসে, প্রতিবেশী ভাবির সাথে মিষ্টি করে কথা বলতে পারেন না অথচ তারই পুত্রবধূর সাথে কেলিয়ে কথা বলেন। শাশুড়ির চোখে পুত্রবধূর সব ভুল ধরা পড়ে। যদি ননদ থাকে তো কথাই নেই। প্লেট পড়ে শব্দ হওয়ার আগেই পৌঁছে যায় খবর, ‘মা, এখনই তোমার বউমা প্লেট ফেলবে’। ননদেরা ‘ভাবি’ ডাকতেও কার্পণ্য করে। আর যদি জা থাকে তাহলে তিনি নতুন বউয়ের ভুলের অপেক্ষায় থাকেন। এতোদিন তিনি শাশুড়িকে বুঝাতেই পারেনি যে, বউ হিসেবে তিনি কত ভালো। এখন যেহেতু দু’জন, সেহেতু প্রমাণের সুযোগ এসেছে। স্বামী সব সামলাতে চেষ্টা করেন। বিয়ের প্রথম দিন যে মা ছেলেকে পর ভেবেছেন, সেই ছেলে আমরণ মাকে বুঝাতে চেষ্টা চালিয়ে যান যে, তিনি মায়ের পর হননি। তিনি বুঝাতে চেষ্টা করেন বাড়ির রানী তার মা এবং রাজকন্যা তার বোন এবং দাসী তার স্ত্রী। তারপর স্ত্রীকে বুঝান, এই বোন একদিন থাকবে না, তারই মতো আরেক বাড়ি চলে যাবে। মাও একদিন ঠিক হয়ে যাবেন। তার জীবনের রাজরানী তার স্ত্রী।
কিন্তু স্ত্রী তো আরেক বাড়ির রাজকন্যা, তিনি কেন এসব সইবেন? ফোনের যুগে স্ত্রীও থেমে থাকেন না। শাশুড়ি তাকে রান্নাঘরে দেখতে আসার আগেই বউ তার মাকে ফোন দিয়ে বলেন, ‘মা, প্লেট ভেঙে ফেলেছি। প্লেটের গরম ভাত পায়ে পড়ে পা পুড়ে গেছে। এখন কী করবো?’ পা পুড়ে গেলে তার চিকিৎসা শ্বশুরবাড়ির লোকে জানে না! সেটা তার মায়ের কাছ থেকে জেনে নিতে হয়। মা-বাবা ছুটে চলে আসেন। কেন এমন হলো। তারা মেয়েকে জীবনে রান্না করতে দেননি। মোটামুটি দরদে বিয়াই বাড়িতে ভালোবাসার বন্যা বয়ে যায়। বিয়াইয়েরা বিষয়টি বুঝে ফেলেন, মাছি তাদের বাড়ির দুধে পড়া আর বিয়াই বাড়ির দুধে পড়া সমান। মেয়ের বিপদ হতে পারে ভেবে মেয়ের মা-বোন দিনে ছয়বার ফোন দেন। মেয়ের মা-বোন মেয়ের সুখ চান, ছেলের মা-বোন ছেলের সুখ চান। মাঝখানে স্বামী-স্ত্রীকে শত্রু হতে এরা দুই পক্ষই বাধ্য করে। পরকীয়া ব্যতীত বিবাহ বিচ্ছেদের বড় কারণ দুই পরিবারের নারী সদস্য।
মা-বোনকে ছেলেরা যতভাবেই বুঝান না কেন যে, তারাই অধিকারে এগিয়ে আছেন, তারা সে বুঝ মানবেন কেন? কারণ দিন শেষে স্বামীকে তার স্ত্রীর কাছে ফিরতে হয়। যেহেতু স্ত্রীর কাছেই ফেরেন মানেই তিনি পর। আবার স্ত্রীও কেন স্বামীর কথায় সব বুঝ নেবেন? স্বামী স্ত্রীকে বকলেও মা-বোনকে তো বকেন না। তাদের সাথে তো সখ্য আছে। স্ত্রী শ্বশুর বাড়ির সিসি ক্যামেরা হয়ে থাকেন, যার মনিটর তারই মায়ের হাতে। শ্বশুরবাড়ির নাড়ি-নক্ষত্র, চাঁদ-চাঁদের খাদ সব মুহূর্তে ওই বাড়ি চলে যায়। পুরুষ যে গাছবলদ, সেটা প্রথম আবিষ্কার হয় বিয়ের পর। মা-বোন ধরেই নেন, ছেলে বলদ, আর স্ত্রী প্রচার করে ফেলেন তার স্বামী শুধু বলদ না, বলদ কিসিমের শয়তান। তারপর ক্যামেরার অপর প্রান্তে সিদ্ধান্ত হয়ে যায়, ‘হয় জামাই ঘর ছাড়া হবে নয় বউছাড়া। মেয়ে থাকলে জামাইয়ের অভাব নেই। ২০ বছর যখন খাইয়েছি বাকি জীবন বাসায় বসিয়ে খাওয়াবো, তবু কারো কথা শুনতে দেবো না। মা তুই ফিরে আই।’
বাড়ির বউ রাজকন্যা হয়ে বাপের বাড়ি ফিরে যান। শর্ট ডিভোর্স এখন অহরহ। ছেলেরাও মা-বোনকে কিছু বলতে পারেন না। সমাজে তিনি ‘বউপাগল’ নামে পরিচিত হয়ে যেতে পারেন এই ভয়ে। তারপর অনেক ছেলেই অতি আহ্লাদে স্ত্রীকে ত্যাগ করে মা-বোনের হয়ে যান। আর স্ত্রী রাজকন্যা হয়ে তার মায়ের কাছে থেকে যান। যদি মাঝে কোনো সন্তান এসে যায় তো তার কপালে ঘটে শনির দশা।
(আগামীকাল দ্বিতীয় পর্ব)
লেখক: কবি ও কথাসাহিত্যিক