সম্পাদকীয়
একটি শিক্ষাপ্রতিষ্ঠান একটি এলাকার শিক্ষা, সম্ভাবনা ও ভবিষ্যতের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। বিশেষ করে নারী শিক্ষার প্রসারে একটি মহিলা মাদরাসার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ মোবারকপুর মহিলা আলিম মাদরাসার বর্তমান পরিস্থিতি আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করে। প্রতিষ্ঠানের দুইজন শিক্ষার্থী আলিম পরীক্ষায় অংশ নিয়ে দুজনই অকৃতকার্য হয়েছেন। যশোর জেলায় শতভাগ অকৃতকার্য হওয়া দুটি প্রতিষ্ঠানের একটি এই মাদরাসা। কিন্তু এই ফলাফলকে নিছক শিক্ষার্থীদের ব্যর্থতা হিসেবে দেখার সুযোগ নেই। এর পেছনে রয়েছে দীর্ঘদিনের প্রশাসনিক অচলাবস্থা, শিক্ষক-কর্মচারীদের বিরোধ, ব্যবস্থাপনাগত দুর্বলতা এবং জবাবদিহির অভাব।
১৯৯৫ সালে দাখিল এবং পরের বছর আলিম স্তরের অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানটি একসময় এলাকার মেয়েদের শিক্ষার গুরুত্বপূর্ণ কেন্দ্র হওয়ার সম্ভাবনা তৈরি করেছিল। কিন্তু দীর্ঘদিনেও আলিম স্তরের শিক্ষক ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত হয়নি। আলিম শ্রেণির শিক্ষার্থীরা অনেকটা নিজ উদ্যোগে পড়াশোনা করে পরীক্ষায় অংশ নিয়েছেন। অথচ একটি অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান, শিক্ষার্থী ব্যবস্থাপনা এবং পরীক্ষার প্রস্তুতির দায়িত্ব প্রতিষ্ঠান কর্তৃপক্ষের। সেই দায়িত্ব যথাযথভাবে পালিত না হলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়াই স্বাভাবিক।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, প্রতিষ্ঠানটির সুপার ও শিক্ষকদের মধ্যে বিরোধ এমন পর্যায়ে পৌঁছেছে যে, সুপার দীর্ঘদিন ধরে মাদরাসায় যেতে পারছেন না। অভিভাবকদের তালা ঝুলিয়ে দেওয়ায় তার কক্ষও বন্ধ রয়েছে। ফলে শিক্ষার্থীদের তালিকা, রেজিস্ট্রার, পরীক্ষার ফলাফলসহ গুরুত্বপূর্ণ নথিপত্র কার্যত ব্যবহারের বাইরে। ২০২৭ সালের আলিম পরীক্ষার্থী কারা, বর্তমান শিক্ষার্থী কতজন, এমনকি সদ্য অনুষ্ঠিত পরীক্ষায় দুই শিক্ষার্থী কোন কোন বিষয়ে অকৃতকার্য হয়েছেন, সে তথ্যও শিক্ষকদের কাছে নেই। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনিক ব্যবস্থাপনা কতটা ভঙ্গুর হলে এমন পরিস্থিতি তৈরি হতে পারে, তা সহজেই অনুমেয়।
সুপার আব্দুস সালামের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। শিক্ষক-কর্মচারীদের লিখিত অভিযোগের পর প্রশাসন তাকে কারণ দর্শানোর নোটিসও দিয়েছে। তার বেতন-ভাতা বন্ধের বিষয়টিও সামনে এসেছে। তবে অভিযোগ উত্থাপিত হওয়া মানেই অপরাধ প্রমাণিত হওয়া নয়। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া এবং তদন্তের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া জরুরি। একইভাবে কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলেও প্রতিষ্ঠানকে অচল করে রাখার অধিকার কারও নেই। সুপার, সহকারী সুপার, শিক্ষক কিংবা অভিভাবক—সবারই মনে রাখতে হবে, প্রতিষ্ঠানের স্বার্থ ব্যক্তিগত বিরোধের ঊর্ধ্বে।
এখানে উপজেলা প্রশাসন, শিক্ষা বিভাগ এবং মাদরাসা শিক্ষা বোর্ডের দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। দীর্ঘদিন ধরে সুপারের অনুপস্থিতি, প্রশাসনিক দায়িত্বে শূন্যতা এবং গুরুত্বপূর্ণ নথিপত্র আটকে থাকার বিষয়গুলো কীভাবে চলতে পারে? একটি প্রতিষ্ঠানে নিয়মিত পাঠদান, প্রশাসনিক কার্যক্রম ও শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার জন্য বিকল্প দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি নিয়োগ করা সম্ভব না হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকারিতা নিয়েও প্রশ্ন ওঠা স্বাভাবিক। চার সদস্যের আহ্বায়ক কমিটি গঠনের কথা জানা গেলেও কমিটি দায়িত্ব গ্রহণ করে কার্যক্রম শুরু না করলে তার সুফল শিক্ষার্থীরা পাবে না।
আমরা মনে করি, প্রথমেই সুপারের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের তদন্ত দ্রুত শেষ করে স্বচ্ছতার সঙ্গে প্রতিবেদন প্রকাশ করতে হবে। একই সঙ্গে মাদরাসার সব গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করে শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী ও পরীক্ষাসংক্রান্ত তথ্য হালনাগাদ করতে হবে। প্রয়োজন অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা কমিটির মাধ্যমে প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রম সচল করতে হবে। আলিম স্তরের পাঠদানের জন্য প্রয়োজনীয় শিক্ষক ও শিক্ষা উপকরণ নিশ্চিত করাও জরুরি। দাখিল ও আলিম পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে শিক্ষার মান উন্নয়নে কার্যকর পরিকল্পনা গ্রহণ করতে হবে।
মনে রাখতে হবে, এই প্রতিষ্ঠানের সঙ্গে শুধু কয়েকজন শিক্ষক বা একজন সুপারের স্বার্থ জড়িত নয়; জড়িয়ে আছে এলাকার মেয়েদের শিক্ষার অধিকার ও ভবিষ্যৎ। বিরোধ, অভিযোগ ও ক্ষমতার দ্বন্দ্বের বলি হতে পারে না শিক্ষার্থীরা। আজ যদি এই প্রতিষ্ঠানটি ধ্বংসের মুখে পড়ে, তার দায় শুধু সংশ্লিষ্ট ব্যক্তিদের নয়, তদারকিতে ব্যর্থ প্রশাসনিক ব্যবস্থার ওপরও বর্তাবে। তাই আর আশ্বাস নয়, প্রয়োজন দৃশ্যমান উদ্যোগ, কার্যকর তদন্ত ও জবাবদিহি। রাজগঞ্জ মোবারকপুর মহিলা আলিম মাদরাসাকে রক্ষা করা এখন শুধু একটি প্রতিষ্ঠানের সংকট নিরসনের বিষয় নয়, এটি এলাকার নারী শিক্ষার ভবিষ্যৎ রক্ষার প্রশ্ন।