স্টাফ রিপোর্টার
, যশোর
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনার প্রতিবাদে যশোর সদর উপজেলার রামনগর ও ভোজগাতী ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অবস্থান কর্মসূচি ও মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন।
বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় যশোর শহরের মুড়লি মোড়ে এ কর্মসূচি শুরু হয়। নেতা-কর্মীরা মুড়লি মোড় এলাকায় অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। পরে তারা একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন।
একর্মসূচিতে উপস্থিত ছিলেন রামনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল আজিজ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. মারুফ হোসেন, যুগ্ম আহ্বায়ক মাছুদুর রহমান শামীম ও সিরাজ মোল্লা, ভোজগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সাত্তার দফাদার, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু, সদর উপজেলা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মিজানুর রহমান বাবলু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাজু আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক মাজহারুল ইসলাম রাজিব ও আলমগীর হোসেনসহ রামনগর ও ভোজগাতী ইউনিয়নের যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা।
কর্মসূচি চলাকালে নেতা-কর্মীরা দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান এবং নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।