স্টাফ রিপোর্টার
, যশোর
গার্মেন্টস শ্রমিকদের জন্য ঘোষিত ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি প্রত্যাখ্যান করে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
একই সঙ্গে শ্রমিকদের ওপর পুলিশি হামলা বন্ধ, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধ এবং পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধের দাবিও জানিয়েছেন বক্তারা।
বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৪টায় শহরের এক নম্বর উকিল বারের সামনে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট যশোর জেলার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ফ্রন্টের যশোর জেলার সমন্বয়ক, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের যশোর জেলা সম্পাদক তসলিম উর রহমান।
অনুষ্ঠান পরিচালনা করেন সিপিবি যশোর জেলার অন্যতম নেতা মহিবুল্লাহ মহিব।
সমাবেশে বক্তারা বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি গার্মেন্টস শ্রমিকরা দীর্ঘদিন ধরে ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন।
দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে তাদের জীবনযাপন ক্রমেই কঠিন হয়ে উঠছে।
এমন পরিস্থিতিতে শ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি উপেক্ষা করে ১৭ হাজার টাকা মজুরি ঘোষণা করা হয়েছে।
এ মজুরি শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই ঘোষিত মজুরি প্রত্যাখ্যান করে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিতে আন্দোলন দমনে পুলিশি হামলা বন্ধ করতে হবে।
শ্রমিক হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
হকার উচ্ছেদের বিষয়ে বক্তারা বলেন, বিকল্প জীবিকার ব্যবস্থা ও পুনর্বাসন নিশ্চিত না করে শহরের ক্ষুদ্র হকারদের উচ্ছেদ করা হলে অসংখ্য পরিবার জীবিকা সংকটে পড়বে।
তাই পুনর্বাসনের ব্যবস্থা ছাড়া হকার উচ্ছেদ বন্ধ রাখতে হবে।
একই সঙ্গে দেশে সন্ত্রাস ও নৈরাজ্য বন্ধ করে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।
সমাবেশে আরও বক্তব্য রাখেন বাসদ যশোর জেলার সদস্য সচিব হাচিনুর রহমান, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের যশোর জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য মিজানুর রহমান এবং সিপিবি নেতা আব্দুর রহিম।