যশোর, বাংলাদেশ || শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সম্পাদকীয়

জলাধার রক্ষায় কঠোর হোন

প্রকাশ : শনিবার, ২৮ নভেম্বর,২০২৬, ০৯:০০ এ এম
জলাধার রক্ষায় কঠোর হোন

একসময় পুকুর, দীঘি, খাল, বিল আর সবুজের সমারোহে গড়ে উঠেছিল যশোর শহর। প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখেই গড়ে উঠেছিল এই জনপদের জীবনযাত্রা ও নগরব্যবস্থা। পুকুর-দীঘি ছিল বৃষ্টির পানি ধারণের প্রাকৃতিক আধার, ভূগর্ভস্থ পানির পুনর্ভরণের অন্যতম উৎস, দেশীয় মাছের আবাসস্থল এবং গ্রীষ্মের দাবদাহে স্বস্তির আশ্রয়। অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতেও এসব জলাধার মানুষের ভরসা হয়ে উঠতো। অথচ অপরিকল্পিত নগরায়ণ, দখলদারত্ব ও বাণিজ্যিক স্বার্থের চাপে সেই যশোরই আজ ক্রমশ জলাধারশূন্য হয়ে পড়ছে। এটি শুধু একটি শহরের প্রাকৃতিক সৌন্দর্য হারানোর ঘটনা নয়; বরং নগরবাসীর ভবিষ্যৎ নিরাপত্তা ও বসবাসযোগ্যতার জন্য গুরুতর হুমকি।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০১৪ সালে যশোর জেলায় পুকুরের সংখ্যা ছিল ৫৩ হাজার ৯৪২টি। বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ৩৯ হাজার ১২৯টিতে। অর্থাৎ এক যুগে হারিয়ে গেছে ১৪ হাজার ৮১৩টি পুকুর। অন্যদিকে, ২০১৭ সালের স্যাটেলাইট জরিপে যশোর শহরে ৫৭২টি পুকুর ও ২৩২টি ডোবার অস্তিত্ব পাওয়া গিয়েছিল। পরবর্তী সময়ে এসব জলাশয়ের প্রায় এক-তৃতীয়াংশ বিলীন হয়েছে। সংখ্যাগুলো নিছক পরিসংখ্যান নয়; এগুলো একটি জনপদের পরিবেশগত বিপর্যয়ের স্পষ্ট সংকেত।

সুবর্ণভূমিতে প্রকাশিত এই সংক্রান্ত প্রতিবেদনটিতে উল্লেখ করা উদ্বেগজনক তথ্য হলো, জলাধার ধ্বংসের এই প্রতিযোগিতায় শুধু ব্যক্তি বা বেসরকারি প্রতিষ্ঠান নয়, সরকারি প্রতিষ্ঠানও যুক্ত হচ্ছে। নাজির শংকরপুরে সফটওয়্যার টেকনোলজি পার্ক-সংলগ্ন বড় পুকুর ভরাট করে জাতীয় ডিজাস্টার রিকভারি ডাটা সেন্টার নির্মাণের উদ্যোগ তারই দৃষ্টান্ত। প্রশ্ন হচ্ছে, দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়ানোর জন্য নির্মিত স্থাপনাই যদি একটি এলাকার প্রাকৃতিক পানি ধারণের ব্যবস্থা ধ্বংস করে, তাহলে সেটি কতটা দূরদর্শী পরিকল্পনা? উন্নয়ন অবশ্যই প্রয়োজন, কিন্তু সেই উন্নয়ন মানুষের জীবন ও পরিবেশের জন্য নতুন বিপদ তৈরি করতে পারে না। সরকারি প্রকল্পের ক্ষেত্রে পরিবেশগত প্রভাব মূল্যায়ন, বিকল্প স্থান নির্বাচন এবং জলাধার সংরক্ষণের নীতিমালা কঠোরভাবে অনুসরণ করা অপরিহার্য।

জলাধার হারানোর সবচেয়ে প্রত্যক্ষ পরিণতি জলাবদ্ধতা। বৃষ্টির পানি স্বাভাবিকভাবে পুকুর, খাল ও নিম্নভূমিতে জমা হওয়ার সুযোগ না পেলে তা সড়ক ও বসতবাড়িতে ছড়িয়ে পড়বেই। ড্রেনেজব্যবস্থা দুর্বল এবং নিয়মিত পরিষ্কার না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়। একই সঙ্গে কমে যায় ভূগর্ভস্থ পানির পুনর্ভরণ, সংকুচিত হয় দেশীয় মাছের আবাসস্থল এবং বাড়ে পরিবেশের তাপমাত্রা। অগ্নিকাণ্ডের সময় কাছাকাছি পানির উৎস না থাকায় ফায়ার সার্ভিসকেও পড়তে হয় বাড়তি দুর্ভোগে। অর্থাৎ জলাধার ধ্বংসের ক্ষতি বহুমাত্রিক এবং এর বোঝা শেষ পর্যন্ত বহন করতে হয় সাধারণ মানুষকে।

শহরের পাশাপাশি হরিণার বিলের মতো গুরুত্বপূর্ণ কৃষিভূমি ও নিম্নাঞ্চল ভরাটের অভিযোগও গভীর উদ্বেগের। বিলটি শুধু ফসল উৎপাদনের ক্ষেত্র নয়, যশোর শহরের পানি নিষ্কাশন ও প্রাকৃতিক জলপ্রবাহের সঙ্গেও সম্পর্কিত। এখানে অপরিকল্পিত আবাসন প্রকল্প ও স্থাপনা নির্মাণ চলতে থাকলে কৃষি, জীববৈচিত্র্য এবং নগরীর পানি ব্যবস্থাপনা—সবই ক্ষতিগ্রস্ত হবে।

প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন, ২০০০ থাকলেও তার কার্যকর প্রয়োগ কোথায়? আইন থাকাই যথেষ্ট নয়, প্রয়োজন নিরপেক্ষ নজরদারি, দখলদারদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা এবং রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাবমুক্ত প্রয়োগ। ইতিমধ্যে ভরাট হওয়া জলাধারগুলোর সরকারি রেকর্ড যাচাই করে অবৈধ দখল ও শ্রেণি পরিবর্তনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সম্ভব হলে সেগুলো পুনরুদ্ধারের উদ্যোগও নিতে হবে। পাশাপাশি শহরের সব পুকুর, দীঘি, খাল ও নিম্নভূমির পূর্ণাঙ্গ তালিকা ও ডিজিটাল মানচিত্র তৈরি করে সেগুলো সংরক্ষিত ঘোষণা করা জরুরি। নতুন উন্নয়ন প্রকল্প অনুমোদনের আগে জলাধার ও পানি নিষ্কাশনের ওপর সম্ভাব্য প্রভাব যাচাই করতে হবে।

যশোরকে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা ও পরিবেশ বিপর্যয়ের শহরে পরিণত হতে দেওয়া যায় না। উন্নয়ন আর পরিবেশ সংরক্ষণ পরস্পরের প্রতিপক্ষ নয়; বরং টেকসই উন্নয়নের পূর্বশর্তই হলো প্রকৃতির ভারসাম্য রক্ষা। যে শহরের পরিচয় একসময় ছিল পুকুর, দীঘি, খাল ও সবুজ, সেই পরিচয় ফিরিয়ে আনার দায়িত্ব প্রশাসন, জনপ্রতিনিধি, উন্নয়ন কর্তৃপক্ষ এবং নাগরিক সবার। মনে রাখতে হবে, পুকুর ভরাট করে ভবন নির্মাণ করা যায়, কিন্তু হারিয়ে যাওয়া প্রাকৃতিক জলাধারের বিকল্প সহজে তৈরি করা যায় না। তাই যশোরের অবশিষ্ট জলাধার রক্ষায় এখনই কার্যকর ও আপসহীন পদক্ষেপ নিতে হবে। অন্যথায় উন্নয়নের নামে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাব এক বসবাসের অযোগ্য নগরী।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)