সুবর্ণভূমি ডেস্ক
ভারতের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা নানা পাটেকর মারা গেছেন। বৃহস্পতিবার ভোরে বাড়িতে বুকে ব্যথা অনুভব করলে তাকে গোয়ার মণিপাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। নানা পাটেকরের আসল নাম বিশ্বনাথ পাটেকর। ১৯৫১ সালের ১ জানুয়ারি মহারাষ্ট্রের মুরুদ-জঞ্জিরায় তার জন্ম। ১৯৭৮ সালে ‘গমন’ সিনেমার মাধ্যমে তার অভিনয়জীবনের সূচনা হয়। দীর্ঘ অভিনয়জীবনে হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে অসংখ্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি পরিচালক ও লেখক হিসেবেও কাজ করেছেন।
নানা পাটেকর জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন। ‘ক্রান্তিবীর’ সিনেমায় প্রতাপনারায়ণ তিলকের চরিত্রে অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। ‘অগ্নিসাক্ষী’ সিনেমায় মানসিকভাবে বিপজ্জনক এক স্বামীর চরিত্রে অভিনয় করেও তিনি জাতীয় স্বীকৃতি লাভ করেন।