স্টাফ রিপোর্টার
, যশোর
সাংস্কৃতিক সংগঠন চারুতীর্থ এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিশুদের ছবি নিয়ে তিনদিনব্যাপী চিত্র প্রদর্শনী যশোর ইনস্টিটিউটে শুরু হয়েছে।
শুক্রবার সকালে যশোর ইনস্টিটিউটে শিশুদের উন্মুক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে যশোর শহর ও শহরতলীর তিন শতাধিক শিশু অংশগ্রহণ করে।
এদিন বিকেলে সংগঠনের শিশুদের ছবি নিয়ে তিনদিনব্যাপী চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। চিত্রপ্রদর্শনীর উদ্বোধন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য ডিসিপ্লিনের প্রধান, সহযোগী অধ্যাপক শান্তনু মণ্ডল।
এসময় সম্মানিত অতিথি ছিলেন, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ জেড এম সালেক (স্বপন), এস এম সুলতান ফাইন আর্ট কলেজের প্রভাষক শিল্পী গৌতম কুমার বিশ্বাস।

চারুতীর্থ এর সভাপতি কাজী ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের সৃষ্টি সবার সামনে প্রদর্শিত হলে তখন তাদের নিজেদের কাজের প্রতি সম্মান ও গভীর আত্মবিশ্বাস তৈরি হয়। আর এই আত্মবিশ্বাস শিশুদের ভবিষ্যতে নতুন কিছু করার অনুপ্রেরণ জোগায়। তাই শিশুদের ছবি নিয়ে বেশি বেশি করে প্রদর্শনীর ব্যবস্থা করতে হবে।
তিনদিনব্যাপী প্রদর্শনীর আজ শনিবার (১০ অক্টোবর) বিকেলে যশোর ইনস্টিটিউটে সনদপত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।